Delhi High Court on CJP Protest

কাল ককরোচের তিরঙ্গা মার্চে নিষেধাজ্ঞা জারি করতে অস্বীকার দিল্লি হাইকোর্ট

জাতীয়

ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে নিষেধাজ্ঞা জারি করল না দিল্লি হাইকোর্ট। ১৬ অক্টোবর দিল্লির কনট প্লেসে ‘তিরঙ্গা মার্চ’ কর্মসূচি ঘোষণা করেছেন ককরোচ জনতা পার্টি (সিজেপি)’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। 
স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া এবং মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে টানা আন্দোলন চলছে দিল্লিতে। দেশের বিভিন্ন প্রান্তেও চলছে বিক্ষোভ। 
এদিন কনট প্লেসের এক বিক্রেতাকে সামনে রেখে দিল্লি হাইকোর্টে কর্মসূচি বন্ধ করার আবেদন জমা পড়ে। আবেদনে বলা হয় যে উৎসবের সময় ব্যবসায় সমস্যা হওয়ার আশঙ্কা রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে পুলিশকে এই বিক্ষোভ নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হোক।
মামলার শুনানি হয় দিল্লি হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নীতীন ওয়াসুদেও সম্বরে এবং বিচারপতি সঞ্জয় শর্মার বেঞ্চে।
আদালতের প্রশ্নে দিল্লি প্রশাসন জানায় যে আইন অনুযায়ী কর্মসূচি নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকবে। দিল্লি সরকারের অতিরিক্ত সলিসিটর জেনারেলের এই বক্তব্য নথিভুক্ত করে আদালত। 
বেঞ্চ বলেছে, আদালতের প্রশ্নে দিল্লি প্রশাসন জানিয়েছে যে আবেদনকারী বিক্রেতার উদ্বেগ বিবেচনায় রাখা হবে। মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়েছে ৩ নভেম্বর।
আগামী শুক্রবার, ১৬ অক্টোবর দেশজুড়ে জাতীয় পতাকা ওড়ানোর কর্মসূচি ঘোষণা করেছেন অভিজিৎ দীপকে। দিল্লির যন্তরমন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞার প্রতিবাদে সিজেপি’র আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাস জাতীয় পতাকা হাতে বিক্ষোভ দেখান। দু’জনকে তিহার জেলে বন্দি করা হয়েছে। 
এই পদক্ষেপের প্রতিবাদ জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী থেকে সিপিআই(এম) সাধারণ সম্পাদক এমএ বেবি। জাতীয় পতাকা তুললে তাকে অপরাধ বলে ধরা হবে কেন, সে প্রশ্ন রয়েছে দেশজুড়ে। 
এদিকে বৃহস্পতিবারের শুনানিতে নিষেধাজ্ঞা জারি করতে অস্বীকার করে দিল্লি হাইকোর্ট।

Comments :0

Login to leave a comment