ভাতা পাচ্ছেন না নার্গিস খাতুন, পাচ্ছেন না জবা ধরও। না পাওয়াদের তালিকায় যেমন নাম রয়েছে সিফালি বিবির তেমনই রয়েছে মিঠু চক্রবর্তী মুখার্জির নাম।
বাঁকুড়ার বিজেপি বিধায়ক বলেছিলেন যে আগে হিন্দু মহিলারা পাবেন, তারপর মুসলিমদের দেখা হবে। বাস্তব একেবারেই তা নয়। সব ধর্মের, সব অংশের বহু প্রান্তিক মহিলাই অন্নপূর্ণা ভাতার বাইরে। রাজ্যের এমন হাজার হাজার মহিলা এবার চিঠি পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে।
বুধবার, ১৪ অক্টোবর, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য নেতৃবৃন্দ জানিয়েছেন শারদোৎসবের পর ফের রাস্তায় নামবে সংগঠন। এদিন সাংবাদিক সম্মেলনে ছিলেন সাংবাদিক সম্মেলনে ছিলেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সভাপতি জাহানারা খান, রাজ্য সম্পাদক মোনালিসা সিন্হা, রাজ্য নেত্রী এবং কেন্দ্রীয় কমিটির সদস্য দীপু দাস, পূর্ব বর্ধমান জেলা সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সদস্য সুপর্ণা ব্যানার্জি, কলকাতা জেলা সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সদস্য পারমিতা সেন রায়।
মোনালিসা সিন্হা বলেছেন, মহিলারা একাধিক প্রশ্ন তুলছেন। এক, এই প্রকল্পে নাম অন্তর্ভুক্তি বা বাদ দেওয়ার মাপকাঠি কী? নির্বাচনের আগে তো বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে লক্ষ্মীর ভাণ্ডারে উপভোক্তা তালিকায় নাম রয়েছে এমন সব মহিলাই পাবেন এই ভাতা। দুই, কেউ এক মাস পাচ্ছেন তো পরের দু’মাস পাচ্ছেন না। তার কারণ কী? তিন, এসআইআর-এ নাম না থাকলে ভাতা না দেওয়ার কথা বলছেন মুখ্যমন্ত্রী। কোন আইনের ভিত্তিতে নেওয়া হচ্ছে এমন সিদ্ধান্ত?
সংগঠনের রাজ্য সভাপতি জাহানারা খান বলেছেন, প্রত্যন্ত অঞ্চলের মহিলা এর আগে ফর্ম জমা করেছেন। জেরক্স করাতে খরচা করেছেন। অনলাইন অফলাইনে জমা হয়েছে। প্রশাসন একেক সময় একেক কথা বলছে।
পারমিতা সেন রায় বলেছেন, যাঁরা একবার টাকা পেয়ে আবার দু’মাস বাদে পাচ্ছেন তাঁদের কিন্তু পুরো টাকা দেওয়া হচ্ছে না। দেখা যাচ্ছে দু’মাস পর মিলছে সেই তিন হাজার টাকা। হিসেব অনুযায়ী ৬ হাজার টাকা পাওয়ার কথা ছিল।
তিনি বলছেন, আমরা এলাকায় এলাকায় গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলেছিল। সব ধর্মের মহিলারাই বঞ্চিতদের তালিকায় রয়েছেন। তাঁরা সকলেই প্রান্তিক, এই ভাতা অত্যন্ত প্রয়োজন।
মোনালিসা সিন্হা জানিয়েছেন যে, ব্লক স্তর থেকে জেলা স্তরে প্রশাসনকে ডেপুটেশন দেওয়া হয়েছে। প্রশাসন জানে না মাপকাঠি কী, কেন বাদ দেওয়া হয়েছে নাম জানাতে পারছে না। প্রশাসন ব্যাখ্যাই দিতে পারছে না নাম বাদের। শারদোৎসবের পরই আমরা বড় আন্দোলনে নামছি।
Annapurna Yojna AIDWA
কেন মিলছে না অন্নপূর্ণার টাকা, এবার মুখ্যমন্ত্রীকে চিঠি দিচ্ছেন মহিলারা
বুধবার সাংবাদিক সম্মেলনে সুপর্ণা ব্যানার্জি, দীপু দাস, জাহানারা খান, মোনালিসা সিন্হা, পারমিতা সেন রায়।
×
Comments :0