আইডিবিআই ব্যাঙ্কের ৬০.৭২ শতাংশ শেয়ার কানাডার ফেয়ারফ্যাক্স ফিনান্সিয়াল হোল্ডিং সংস্থাকে বেচছে কেন্দ্র। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক কমিটি। সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ব্যাঙ্ককর্মীরা।
বৃহস্পতিবার সারা ভারত ব্যাঙ্ক অফিসার্স ফেডারেশন এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে। আগামী ১৬ অক্টোবর ব্যাঙ্ককর্মীদের কালো ব্যাজ দিবস পালনের আহ্বান জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক রূপম রায়। তিনি বলেছেন, কেবল বেসরকারিকরণই হচ্ছে না, বিদেশিকরণও হচ্ছে।
বিবৃতিতে বলা হয়েছে যে কেন্দ্রীয় সরকার এবং এলআইসি একত্রে আইডিবিআই’র প্রায় ৯৪ শতাংশ শেয়ারের মালিক। এর আগে অনাদায়ী ঋণের কারণে আইডিবিআই ব্যাঙ্ক সমস্যায় চলছিল। সম্প্রতি ব্যাঙ্ক উল্লেখযোগ্য মুনাফা অর্জন করছে।
বিবৃতিতে বলা হয়েছে, অতীতে আইডিবিআই-কে আইডিবিআই ব্যাঙ্কের সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছিল। তখন সরকার সংসদে জানিয়েছিল যে কখনই এই আর্থিক সংস্থায় নিজস্ব শেয়ার ৫১ শতাংশের কম হবে না। কিন্তু এখন ব্যাঙ্ক বেচে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
আইডিবিআই’র আমনতের অঙ্ক এখন প্রায় ৩ লক্ষ ৫০ হাজার কোটি টাকা। গত তিন অর্থবর্ষে ব্যাঙ্কের মুনাফা যথাক্রমে ৫৬০০ কোটি, ৭৫০০ কোটি এবং ৯৫০০ কোটি টাকা।
ফেডারেশন বলেছে, মুনাফায় চলা একটি ব্যাঙ্ককে বেচে দেওয়া হচ্ছে বিদেশী হাতে। কেবল বেসরকারিকরণ হচ্ছে না, বিদেশিকরণ হচ্ছে। মন্ত্রিসভায় সিদ্ধান্তের উল্লেখ করে বলা হয়েছে, একদিকে আত্মনির্ভর ভারতের স্লোগান দেওয়া হচ্ছে। আরেকদিকে দেশের মানুষের বিপুল সঞ্চয় তুলে দেওয়া হচ্ছে বিদেশী বিনিয়োগকারীর হাতে।
IDBI Bank Share Sell Protest
কানাডার সংস্থাকে আইডিবিআই ব্যাঙ্ক বেচছে কেন্দ্র, প্রতিবাদে নামছেন ব্যাঙ্ককর্মীদের
×
Comments :0