রঙপো থেকে সেবক পর্যন্ত জাতীয় সড়কের দুটি স্থানে ধসের জেরে বৃহস্পতিবার সকালে যান চলাচল ব্যাহত হয়ে পড়েছিলো। অন্যদিকে ধসের কারণেই কালিম্পঙ জেলার ২৯ মাইল এলাকাতেও ১০ নম্বর জাতীয় সড়ক এবং দার্জিলিঙ জেলার বাঘপুল সেবকেশ্বরী মন্দির সংলগ্ন ৩১ নম্বর জাতীয় সড়কের রাস্তা সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে। পরিস্থিতি সামলাতে সকাল থেকেই এনএইচআইডিসিএল, সেবক পুলিশ, রিয়ং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা পরিষ্কারের কাজ শুরু করে দেয়। ফলে সকালের পর থেকেই ১০ ও ৩১ নম্বর জাতীয় সড়কের যান চলাচল স্বাভাবিক হয়। তবে বর্তমানে দুই দিকেই একমুখী যান চলাচল করছে বলে জানা যাচ্ছে। সম্পূর্নভাবে দুইমুখী যান চলাচলের ক্ষেত্রে আরো কিছুই সময় লাগবে বলেই প্রশাসনের তরফে জানানো হয়েছে।
এদিকে বাংলা সিকিম লাইফ লাইন ১০ নম্বর জাতীয় সড়কের ২০ মাইলের জরুরি সংষ্কারের কাজ ও নিরাপত্তা বৃদ্ধি সংক্রান্ত কাজের জন্য চলতি মাসের ১১ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত যান চলাচলের ক্ষেত্রে বিধিনিষেধ জারি করা হয়েছে। ন্যাশনাল হাইওয়েস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড বা এনএইচআইডিসিএল এবং হাইওয়ে অ্যাডমিনিস্ট্রেটরের পক্ষ থেকে একটি সরকারি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে ১১ থেকে ১৩ জুলাই পর্যন্ত প্রতিদিন পাঁচ ঘন্টা করে ১০ নম্বর জাতীয় সড়কে যানচলাচল সম্পূর্নভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই তিনদিন ভোর পাঁচটা থেকে সকাল ১০টা পর্যন্ত জাতীয় সড়কের এই নির্দিষ্ট অংশে যানবাহন চলাচল পুরোপুরিভাবে বন্ধ থাকবে।
রাস্তার বেহাল অবস্থা, যাত্রী ও গাড়ি চালকদের সুরক্ষার প্রশ্নেই সিকিম ও কালিম্পঙ পাহাড়ের সংযোগকারী গুরুত্বপূর্ন ২০মাইল রাস্তাটির জরুরি মেরামতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, সম্প্রতি ২০মাইল রাস্তার বারদাং এলাকায় (এটিটিসি কলেজের কাছে ৬০.১৮০ কিলোমিটার অংশ) ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ওই রাস্তাটি ধসবিধ্বস্ত হয়ে পড়ায় যাত্রীরা ঝূঁকি নিয়েই চলাচল করছে। ঝূঁকিপূর্ণ চলাচল এড়াতেই জরুরি মেরামতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাস্তাটি বন্ধ থাকাকালীন পর্যটক এবং নিত্যযাত্রীদের যাতে সমস্যার মধ্যে পড়তে না হয় তারজন্য বিকল্প রাস্তা বঙবহারের পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
Landslide
ধসে বিপর্যস্ত ১০ ও ৩১ নম্বর জাতীয় সড়ক চালু হলো, জারি বিধিনিষেধ
×
Comments :0