Raniganj Coal Mine Accident

রানিগঞ্জের সিদুলী কোলিয়ারিতে ঢুকে গেল জল, তীব্র বিক্ষোভ

জেলা

সিদুলী কোলিয়ারিতে জল ঢুকে পড়ায় বিক্ষোভ।

প্রায় সাড়ে তিন দশক পর মহাবীর কোলিয়ারির ভয়াবহ স্মৃতি রানিগঞ্জ কয়লাঞ্চলের মানুষকে বারবার আতঙ্কিত করে তোলে। আজ সেই ভয়াবহ আতঙ্ক ছড়িয়েছে  কেন্দা এরিয়ার সিদুলী কোলিয়ারিতে। রবিবার  রাতের শিফটের সময় ‘এয়ার ব্লাস্ট‘-এর জেরে  পাশের শঙ্করপুর খোলামুখ খনি থেকে খনি গর্ভে ব্যাপক জল ঢুকে যায়।  এদিনের ঘটনায় হতাহত হওয়ার খবর নেই। আটকে পড়ার খবর নেই।  রবিবার ছুটির দিন থাকার জন্য রাতের শিফটে কয়লাখনিতে উৎপাদন বন্ধ ছিল। ফলে বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে খনি শ্রমিকরা। তবে এদিন দুর্ঘটনার সময় খনিগর্ভে একজন মাইনিং সর্দার ও একজন পাম্প অপারেটর ছিলেন। তারা বিপদ আঁচ পেতেই দ্রুত খনি থেকে ওপরে উঠে প্রাণ বাঁচায়। 
ঘটনাস্থলে সিআইটিইউ পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক ও ভারতের কোলিয়ারি মজদুর সভার কেন্দ্রীয় কমিটির নেতা প্রবীর মন্ডল ও সিআইটিইউ নেতা অঞ্জন বক্সি সহ নেতৃবৃন্দ ঘটনাস্হলে আসেন। তারা ইসিএলের কর্তৃপক্ষের গাফিলতিকে এই দুর্ঘটনায় জন্য দায়ী করে ঘটনার পূর্ণ তদন্তের দাবি জানান। নেতৃবৃন্দের অভিযোগ, খনি সুরক্ষার প্রতি উদাসীনতা এবং  অবৈজ্ঞানিক ভাবে খনি চালানোর জন্যই এই ধরনের ঘটনা ঘটছে। তারা উদ্বেগের সাথে বলেন , ইসিএল  পরিকল্পনা করে এমডিও এবং রেভেনিউ শেয়ারিং এর নামে ভূগর্ভস্থ খনি গুলিকে বন্ধ করে বেসরকারি মালিকদের হাতে সঁপে দিয়ে খোলামুখ খনি (ওসিপি) করে কয়লা উৎপাদন করছে । অথচ রানিগঞ্জের কয়লাখনিতে টন টন উন্নত মানের কয়লা মজুত রয়েছে। ইসিএল কয়লা খাদানে নিয়োগ বন্ধ করে ঠিকা শ্রমিক দিয়ে উৎপাদন করছে। 
কোলিয়ারিতে জল ঢুকে পড়ার খবর চাউর হতেই  সিদুলী এলাকার মানুষের মধ্যে প্রবল আতঙ্ক ছড়িয়েছে। সোমবার ইসিএল কর্তৃপক্ষকে ঘিরে এলাকার মানুষ বিক্ষোভ দেখান। এলাকার মানুষেরা ক্ষোভ উগরে দিয়ে ,জীবন জীবিকার নিরাপত্তা ও পুনর্বাসনের দাবি করে । তাঁরা বলেন, খনি সংলগ্ন জনবসতি এলাকার বিভিন্ন জায়গাতে ফাটল ধরেছে সেখান থেকেও বিভিন্ন দুষিত গ্যাস ও ধোঁয়া বের হচ্ছে ফলে যে কোনও সময় ধস নামতে পারে। 
কয়লাঞ্চলজুড়ে  প্রশ্ন উঠছে, মেগা প্রজেক্ট এর নামে খনি সংলগ্ন এলাকার গ্রাম, জনবসতি, রাস্তাঘাট সহ কয়লাঞ্চলের জনপদ বিপন্ন করে  প্রাকৃতিক পরিবেশকে ধংস করার পরিকল্পনা নিয়েছে বিজেপি পরিচালিত  কেন্দ্র ও রাজ্য সরকার। প্রশ্ন দানা বাঁধছে,  এজন্যই কি চালু কয়লাখনির সুরক্ষার বিষয়টি উপেক্ষিত হচ্ছে? ভারতের কোলিয়ারি মজদুর সভা (সিআইটিইউ) 'র  পক্ষ থেকে সিদুলী কোলিয়ারীকে পুনরায় চালু করার জোরালো দাবি জানানো হয় এবং হুঁশিয়ারি দিয়ে বলা হয়  কোন শ্রমিককে অন্যত্র বদলি করা যাবে না। বিপন্ন কয়লাঞ্চলে,  কয়লা খনি বাঁচাও, গ্রাম বাঁচাও - এই আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছে কয়লাখাদান থেকে গঞ্জ হয়ে গ্রামের আলপথে।

Comments :0

Login to leave a comment