Leopard's Body Recovered

রায়মাটাং চা বাগানে চিতাবাঘের দেহ উদ্ধার

জেলা

সাতসকালে চা বাগানের রাস্তার ধার থেকে পূর্ণবয়স্ক এক চিতাবাঘের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো কালচিনি ব্লকের রায়মাটাং চা বাগান এলাকায়। বন দপ্তরের প্রাথমিক অনুমান, রাস্তা পার হওয়ার সময় কোনো দ্রুতগামী যানবাহনের ধাক্কায় মৃত্যু হয়ে থাকতে পারে প্রাণীটির।
শুক্রবার সকালে রায়মাটাং চা বাগান যাওয়ার রাস্তার ধারে চিতাবাঘটিকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় শ্রমিক ও পথচারীরা। খবরটি ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই রাস্তায় প্রায়শই দ্রুতগতিতে গাড়ি যাতায়াত করে। সম্ভবত রাতের অন্ধকারে রাস্তা পার হওয়ার সময় কোনো গাড়ির ধাক্কায় চোট পেয়ে চিতাবাঘটির মৃত্যু হয়েছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা। তারা মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যান। বন দপ্তরের এক আধিকারিক জানান, "চিতাবাঘটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। এটি নিছকই দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে, তাও খতিয়ে দেখা হচ্ছে।"
উল্লেখ্য, গত এক মাসে এই অঞ্চলে দু’টি চিতাবাঘের মৃত্যুর ঘটনা সামনে এসেছে। রায়মাটাং ও ডুয়ার্স অঞ্চলে জঙ্গল ও চা-বাগান পাশাপাশি থাকায় প্রায়ই চিতাবাঘ লোকালয়ে চলে আসে। ফলে মাঝে মাঝে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত বা দুর্ঘটনার ঘটনা ঘটে। বন দপ্তর জানিয়েছে, মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ডুয়ার্সের চা বাগান সংলগ্ন রাস্তাগুলিতে বন্যপ্রাণের নিরাপত্তা নিয়ে ফের বড়সড় প্রশ্ন উঠে গেল এই ঘটনায়। ঘাতক গাড়িটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে।

Comments :0

Login to leave a comment