এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের সাঁইথিয়ায়। নাবালিকা পরিচারিকার কাজ করতেন শহরের নামজাদা এক মার্বেল পাথর ব্যবসায়ীর বাড়িতে। ব্যবসায়ীর বাড়িতেই গত বৃহস্পতিবার সন্ধ্যায় অসুস্থ অবস্থায় নাবালিকাকে দেখতে পান বাড়ির সদস্যরা। এরপর থেকে ঘটনাক্রমে নানান মোড় সামনে এসেছে। এলাকা সূত্রে জানা গেছে, নাবালিকা ব্যবসায়ী পঙ্কজ পারেখ ও রবীন্দ্রনাথ পারেখের বাড়িতে পরিচারিকার কাজ করছিলেন গত দু-বছর ধরে। বৃহস্পতিবার সন্ধ্যায় নাবালিকা আচমকা অসুস্থ হয়ে পড়লে তাঁর মালিকরাই উদ্ধার করে সাঁইথিয়া হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে সিউড়ি সদর হাসপাতালের দিকে রওনা দেন নাবালিকার মালিকরা। এরপর মালিকদের পক্ষ থেকে নাবালিকার বাড়িতে খবর দেওয়া হলে পরিজনেরা প্রথমে সাঁইথিয়া হাসপাতাল যায়। সেখানে না পেয়ে নাবালিকার সাথে থাকা তাঁর মালিককে ফোন করলে সিউড়ি সাঁইথিয়া রাস্তায় থাকা মালিকপক্ষের এক গোডাউনে আসার জন্য বলা হয় নাবালিকার পরিজনদের। নাবালিকার পরিজনরা গো-ডাউনে পৌছলে মৃত অবস্থায় দেখতে পান তাঁদের মেয়েকে। এরপর পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। জানা গেছে, মেয়েটির বাড়ি সাঁইথিয়া লাগোয়া এক গ্রামে। সেখান থেকেই সে সাঁইথিয়ায় পরিচারিকার কাজ করতে আসত। মেয়েটির এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনা গ্রামে পৌছতেই গ্রামের মানুষ সাঁইথিয়া শহরে এসে বিক্ষোভে সামিল হন। মৃতার দিদিমা জানিয়েছেন, ‘‘আমার কাছেই নাতনি থাকত। মালিকদের বাড়িতো দু-বছর ধরে কাজ করছে। কী করে এমন হল বুহতে পারছি না। আমি চাই নাতনির মৃত্যুর তদন্ত হোক। বিচার চাই আমি।’’ ঘটনাকে কেন্দ্র করে খুনের অভিযোগ তোলার চেষ্টা হয়েছে নাবালিকার পরিজনদের তরফে। যা নিয়ে এদিন সকাল থেকেই সাঁইথিয়া শহর ছিল সরগরম। তবে সব অভিযোগ অস্বিকার করেছেন নাবালিকার মালিক রবীন্দ্রনাথ পারেখ। তাঁর দাবি, ‘‘আরও অন্যান্যদের সাথে এই মেয়েটিও আমাদের বাড়িতে কাজ করত। বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরাই তাঁকে সাঁইথিয়া হাসপাতাল ও সেখান থেকে সিউড়ি উদ্দেশ্যে রওনা দিই। কিন্তু সিউড়ি যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। তখন কাছাকাছি থাকা গোডাউনে আমরা নাবালিকার পরিজনদের আসার জন্য অপেক্ষা করতে থাকি। ময়নাতদন্ত করলেই মৃত্যুর কারণ স্পষ্ট হয়ে যাবে।’’ অপরদিকে এদিন সিউড়ি সদর হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছ নাবালিকার। বীরভূমের পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন,‘‘ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।’’ তবে সিউড়ি সদর হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, ‘‘বিষক্রিয়ায় মৃত্যু হয়ে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।’’
Unnatural Death
নাবালিকার অস্বাভাবিক মৃত্যু, চাঞ্চল্য সাঁইথিয়ায়
×
Comments :0