বোনাসের দাবিতে বৃহস্পতিবার ফের বিক্ষোভে সামিল বানারহাট ব্লকের কেন্দ্রীয় সরকারের অধীনস্থ নিউ ডুয়ার্স চা বাগানের শ্রমিকরা। দাবি দুই কিস্তিতে নয়, এক কিস্তিতেই সম্পূর্ণ ২০ শতাংশ বোনাসের। পুজোর মুখে বোনাস নিয়ে চা শ্রমিকরা বাগান কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতিবাদে কারখানার গেটের সামনে গেট মিটিং ও বিক্ষোভে সরব হন। আন্দোলনকে ঘিরে বাগান এলাকায় উত্তেজনা ছড়ায়।
শ্রমিকদের অভিযোগ, বাগান কর্তৃপক্ষ উৎসবের মরশুমে নির্ধারিত ২০ শতাংশ বোনাস দুই কিস্তিতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শ্রমিক সংগঠন গুলির সঙ্গে আলোচনা ছাড়াই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও অভিযোগ। তাঁদের দাবি, পুজোর আগে সংসারের প্রয়োজন মেটাতে বোনাসের পুরো টাকা একসঙ্গে প্রয়োজন। দুই কিস্তিতে টাকা দেওয়া হলে উৎসবের সময় তাঁদের আর্থিক সমস্যার মুখে পড়তে হবে।
এদিনের বিক্ষোভে চা বাগান মজদুর ইউনিয়নের পাশাপাশি জয়েন্ট ফোরামের প্রতিনিধিরাও অংশ নেন। গেট মিটিং থেকে শ্রমিকরা স্পষ্ট জানিয়ে দেন, ২০ শতাংশ বোনাসের পুরো টাকা এক কিস্তিতে দ্রুত পরিশোধ করতে হবে। দাবি না মানা হলে আগামী দিনে আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারিও দেওয়া হয়। প্রয়োজনে প্রতিদিন এক বেলা কাজ বন্ধ রেখে প্রতিবাদ কর্মসূচি নেওয়া হতে পারে বলে শ্রমিকদের তরফে জানানো হয়েছে।
এদিন দুপুর পর্যন্ত বিক্ষোভ ও প্রতিবাদ সভা চলে। পুজোর আগে বোনাসের টাকা হাতে না পাওয়া নিয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভ আরও বাড়ছে বলে জানা গিয়েছে।
এদিকে বোনাস সংক্রান্ত জট কাটাতে শুক্রবার বাগান কর্তৃপক্ষের সঙ্গে জয়েন্ট ফোরামের সদস্যদের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকে এক কিস্তিতে ২০ শতাংশ বোনাস দেওয়ার বিষয়ে কোনও সমাধান সূত্র বের হয় কি না, এখন সেদিকেই তাকিয়ে নিউ ডুয়ার্স চা বাগানের শ্রমিকরা।
New Dooars Tea Garden
এক কিস্তিতে ২০ শতাংশ বোনাসের দাবিতে উত্তপ্ত নিউ ডুয়ার্স চা বাগান
×
Comments :0