Protest Rally on Bikash Bhattacharya's Residence Attack

‘হামলা করলেও প্রতিবাদ থামবে না‘: বার্তা বিকাশ ভট্টাচার্যের বাড়ি অভিমুখে মিছিলের

রাজ্য কলকাতা

মিছিলের শেষ বাড়ির সামনে বলছেন বিকাশ ভট্টাচার্য। রয়েছেন সিপিআই(এম) নেতৃবৃন্দ।

আইনজীবী এবং সিপিআই(এম)’র প্রাক্তন সাংসদ বিকাশ ভট্টাচার্যের বাড়িতে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যাতেই হয়েছে মিছিল। বৃষ্টির মধ্যে মিছিল থেকে দেওয়া হয়েছে স্পষ্ট বার্তা- হামলা করলেও প্রতিবাদ থামবে না।  
মিছিল অজয়নগর মোড় থেকে বিকাশ ভট্টাচার্যের বাড়ি পর্যন্ত যায়। সেখানে সংক্ষিপ্ত সভা হয়। বিকাশ ভট্টাচার্য বলেন, আমাদের যুক্তিকে খন্ডন করতে পারছে না এই মৌলবাদী শক্তি। ওরা সোশাল মিডিয়ায় নর্দমার ভাষায় আক্রমণ করে। কিন্তু যুক্তির পক্ষে, বহুত্ববাদের পক্ষে, গণতন্ত্রের পক্ষে লড়াই চলবে। বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ভোরে বিকাশ ভট্টাচার্যের বাড়ির জানালা লক্ষ করে মদের বোতল ছোঁড়া হয়। জানালার কাচ ভেঙে যায়। সিসিটিভি’র ফুটেজে দেখা গিয়েছে যে গামছায় মুখ ঢেকে বাইক থেকে নেমে একজন বাড়ি লক্ষ্য করে বোতল ছুঁড়ছে। 
এদিন সিপিআই(এম) দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতা জেলা কমিটির ডাকে হয় প্রতিবাদ মিছিল। মিছিলে নেতৃত্ব দেন সিপিআই(এম) দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক রতন বাগচী, রাজ্য কমিটির সদস্য রাহুল ঘোষ, মোনালিসা সিন্‌হা ও সুদীপ সেনগুপ্ত। ধিক্কার জানিয়ে মিছিলে হেঁটেছেন প্রবীণ সিপিআই(এম) নেতা কান্তি গাঙ্গুলি। থেকেছেন আইনজীবী শামিম আহমেদ, ফিরদৌস শামিম, সায়ন ব্যানার্জিও। 
রতন বাগচী বলেছেন, রাজ্যের সর্বত্র বামপন্থীদের ওপর আক্রমণ চালাচ্ছে বিজেপি-আরএসএস। আক্রমণ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ওপর। ছাত্রছাত্রীদের ওপর। বিকাশ ভট্টাচার্যের বাড়িতে হামলা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। 
মিছিলে অংশ নিয়েছেন সিপিআই(এম)’র স্থানীয়  কর্মীরা।   
বিকাশ ভট্টাচার্য বলেন, প্রশ্ন করলেই এদের রাগ। যারা প্রশ্ন করে তাদেরই আক্রমণের চেষ্টা করে। এরা নানা ভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর আক্রমণ করার চেষ্টা করে। বিরোধী স্বর দমাতে ভয় দেখানোর চেষ্টা করে।  তিনি বলেন, আমরা বহুত্ববাদের পক্ষে লড়াই করি। ওরা বহুত্ববাদের বিপক্ষে মৌলবাদের পক্ষে লড়াই করে। বহুত্ববাদ, গণতন্ত্রের পক্ষে আমাদের লড়াই থেমে যাবে না। 
এদিন সকালেই বিকাশ ভট্টাচার্য বলেন, হিন্দুত্ববাদী গুন্ডারা হামলা চালালো আমার বাড়িতে। মোটর বাইকে করে এসে মদের বোতল ছুঁড়ে জানলার কাঁচ ভেঙে পালিয়ে গিয়েছে। অল্পের জন্য আমার কাজের সহায়িকা বেঁচে গিয়েছে।’ তিনি আরও বলেন, গুন্ডারা এসেছিল মুখ ঢেকে, মোটর বাইকের নাম্বার প্লেট ঢেকে। খুব পরিকল্পিত আক্রমণ। এরা যদি সন্ত্রাসী না হয় তবে কারা?’

Comments :0

Login to leave a comment