Elephants Dead

হাতির দেহ উদ্ধার নাগরাকাটার ধানখেতে

জেলা

ধানখেতে পূর্ণবয়স্ক দাঁতাল হাতির মৃতদেহ। বুধবার সকালে নাগরাকাটা ব্লকের সুলকাপাড়া গ্রাম পঞ্চায়েতের সুখানী বস্তির চারোয়া লাইনে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা হাতিটির শুঁড়ে ধান ও জিআই তার জড়ানো অবস্থায় দেখতে পান। ফসল রক্ষার জন্য খেতে বেআইনি ভাবে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বনদপ্তরের প্রাথমিক অনুমান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করতে হবে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে চারোয়া লাইনের বাসিন্দারা ধানখেতে হাতিটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমে যায়। খবর পেয়ে বনদপ্তরের সংশ্লিষ্ট বিট অফিসার ইমরান ইসলাম এবং ডায়না রেঞ্জের রেঞ্জার সাম্য রায় ছুটে আসে। পরবর্তীতে বনকর্মীরা হাতিটির দেহ উদ্ধার করেন।
হাতিটির শুঁড়ে ধান ও জিআই তার পেঁচানো অবস্থায় থাকায় বিদ্যুতের সংস্পর্শে এসে মৃত্যুর সম্ভাবনা জোরালো হয়েছে। তবে খেতে কীভাবে ওই তার আসলো, সেখানে বিদ্যুতের সংযোগ ছিল কি না, তা এখনও নিশ্চিত নয়। বনদপ্তরের পক্ষ থেকে ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।
অভিযোগ কৃষিজমি ও বসতি সংলগ্ন এলাকায় ফসল রক্ষার জন্য বেআইনি ভাবে বিদ্যুতের তার ব্যবহার করা হলে বন্যপ্রাণীর পাশাপাশি মানুষের জীবনও বিপন্ন হওয়ার আশঙ্কা থাকে। ঘটনায় তেমন কোনও বেআইনি সংযোগ ব্যবহার করা হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। বনদপ্তর হাতিটির মৃত্যুর পিছনে কারও গাফিলতি বা বেআইনি কাজের যোগ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

Comments :0

Login to leave a comment