বৃষ্টিতে জল জমে ভয়াবহ অবস্থা দিল্লি সংলগ্ন গাজিয়াবাদ এবং নয়ডায়। ভরা শহরে রাস্তায় জমা জলে ডুবে মৃত্যু হয়েছে ২ শিশুর।
সমস্যা কেবল জমা জলেরই নয়। বিভিন্ন জায়গায় ভেঙে পড়ছে রাস্তা। গর্তে ঢুকে যাচ্ছে আস্ত গাড়ি। এমন ঘটনার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে।
গত বৃহস্পতিবার গাজিয়াবাদে বাড়ির সামনে রাস্তায় জমা জলে ডুবে মৃত্যু হয়েছে সাত বছরের শিশু পল্লবীর। তার বাবা সুমিত কুমার সংবাদমাধ্যমে জানিয়েছেন রাস্তা এবং ড্রেন একাকার হয়ে ছিল। পা পিছলে শিশুটি পড়ে যায় ড্রেনে। সেখানেই মৃত্যু হয়।
এদিকে প্রশাসন কেবল আশ্বাসই দিয়ে চলেছে। জল নিকাশির এমন বেহাল দশা কেন, সে প্রশ্ন তুলছেন স্থানীয়েরা। বৃষ্টির মধ্যে ঘন্টার পর ঘন্টা চলছে ট্র্যাফিক জ্যাম।
দিল্লির সময়পুর বাদলি এলাকায় ভাইয়ের সঙ্গে রাস্তায় বেরিয়ে ক্রাস থ্রি-র এক শিশুর মৃত্যু হয়েছে। প্রায় আড়াই ঘন্টা খোঁজাখুজির পর এলাকার বাসিন্দারাই শিশুর দেহ পান। ক্ষুব্ধ বাসিন্দারা বলেছেন, দিনের পর দিন বলেও সুরাহা হয় না। জমা জলের সমস্যা মেটে না।
গাজিয়াবাদে চাঞ্চল্য ছড়ায় সেক্টর ১৩-তে চার চাকার একটি আস্ত গাড়ি গর্তে ঢুকে যাওয়ায়। নির্মীয়মাণ বহুতলের পাশে রাস্তার অনেকটা অংশ ভেঙে ঢুকে যায়। দাঁড়িয়ে থাকা গাড়িটি ঢুকে যায় গর্তে। গাড়ির মালিকের অভিযোগ, বিধি অনুযায়ী ব্যবস্থা না নিয়েই কুড়ি ফুট গর্ত খুঁড়ে বহুতল তৈরি করা হচ্ছে।
বৃষ্টির জেরে গাজিয়াবাদে বন্ধ রাখতে হয়েছে স্কুল।
Comments :0