রাস্তার কুকুর বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে সজোরে ধাক্কা মারল একটি যাত্রীবাহী গাড়ি। ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই তরুণী। বৃহস্পতিবার গভীর রাতে জলপাইগুড়ি জেলার মৌলানি ওভারব্রিজে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ছয় আরোহীসহ একটি চারচাকা গাড়ি জলপাইগুড়ি থেকে লাটাগুড়ির দিকে যাচ্ছিল। মৌলানি ওভারব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় আচমকা একটি কুকুর গাড়ির সামনে চলে আসে। প্রত্যক্ষদর্শীদের মতে, কুকুরটিকে বাঁচাতে গিয়ে চালক দ্রুতগতিতে থাকা গাড়িটির নিয়ন্ত্রণ হারান। গাড়িটি সজোরে রাস্তার ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে প্রাথমিক উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে ক্রান্তি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকরা দুই তরুণীকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম পৌলমী বাগচী (জলপাইগুড়ি শহর) ও খেয়ালী বর্মন (জামালদহ)। বাকি চারজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে জলপাইগুড়ি সরকার পাড়ার বাসিন্দা সায়ন সরকারের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।
দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে পুলিশ ইতিমধ্যেই আটক করেছে। রাতের অন্ধকারে অতিরিক্ত গতির কারণেই এই বিপত্তি কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ওভারব্রিজের ওপর ট্রাফিক নিরাপত্তা ও নজরদারি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়দের একাংশ। এই অকাল মৃত্যুতে জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
Jalpaiguri Accident
কুকুরকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনা, লাটাগুড়িতে দুই তরুণীর মৃত্যু
ইনসেটে দুর্ঘটনায় নিহত পৌলমী বাগচী।
×
Comments :0