Govt. of West Bengal

তিন মাস বেতন বন্ধ, স্থায়ীকরণের দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ ৪৭৪ যুব ভলান্টিয়ার

রাজ্য

পরিষেবা দেওয়ার পরও তিন মাস ধরে বেতন পাচ্ছেন না যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের ৪৭৪ জন যুব ভলান্টিয়ার ও কো-অর্ডিনেটর। তাঁদের অভিযোগ, ফিনান্স অর্ডার অনুযায়ী নিয়োগ পাওয়ার পরও তাঁদের চাকরি ও আর্থিক সুবিধা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বকেয়া বেতন অবিলম্বে মেটানো, চাকরি স্থায়ীকরণ এবং প্রাপ্য আর্থিক সুবিধা দেওয়ার দাবিতে তাঁরা সরব হয়েছেন। মুখ্যমন্ত্রীর জনতার দরবারে গিয়েও তারা বিষয়টা জানিয়েছেন কিন্তু তারপরও চালু হয়নি বেতন।
অভিযোগকারী কর্মীদের দাবি, সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। তাঁদের কাছে রয়েছে অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং পোস্টিং অর্ডারও। তাঁরা চুক্তিভিত্তিক কর্মী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন। তাঁদের বক্তব্য অনুযায়ী, ২০১৫ সালে তাঁদের পদ ক্যাবিনেটের মাধ্যমে অনুমোদিত হয় এবং সেই পদগুলি অনুমোদিত পোস্ট।
কর্মীদের অভিযোগ, দীর্ঘ প্রায় ১১ বছর কাজ করার পরও তাঁদের বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রাখা হয়েছে। তাঁদের দাবি, ৯০০৮ এবং ১০৯১ নম্বর ফিনান্স অর্ডার অনুযায়ী যে সুবিধাগুলি পাওয়ার কথা, সেগুলিও তাঁরা এখনও পাননি। একইসঙ্গে তাঁদের পদ ও চাকরির ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে অভিযোগ।
৪৭৪ জন ভলান্টিয়ার ও কো-অর্ডিনেটরদের দাবি, শুধুমাত্র সংশ্লিষ্ট দপ্তরের নিয়মিত কাজই নয়, বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি কর্মসূচিতেও তাঁদের দায়িত্ব পালন করতে হয়েছে। নির্বাচন সংক্রান্ত কাজেও তাঁদের ডিউটি করতে হয়েছে। এছাড়াও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি, সেনসাস, খেলো ইন্ডিয়া, আন্তর্জাতিক যোগ দিবস এবং করোনা পরিস্থিতিতে রাতের ডিউটির মতো গুরুত্বপূর্ণ কাজেও তাঁরা পরিষেবা দিয়েছেন বলে তাঁদের দাবি।
কর্মীদের বক্তব্য, এত বছর ধরে বিভিন্ন সরকারি দায়িত্ব পালন করার পরও এখন তিন মাস ধরে বেতন বন্ধ থাকায় তাঁরা চরম আর্থিক সমস্যার মধ্যে পড়েছেন। দীর্ঘদিনের পরিষেবার স্বীকৃতি এবং চাকরির নিরাপত্তা নিশ্চিত করার দাবিও তাঁরা জানিয়েছেন।
তাঁদের মূল দাবি চাকরি নিয়মিতকরণ করতে হবে, তিন মাসের বকেয়া বেতন অবিলম্বে মেটাতে হবে এবং ৯০০৮ নম্বর ফিনান্স অর্ডার অনুযায়ী প্রাপ্য সুবিধা দিতে হবে। পাশাপাশি, ১০৯১ নম্বর ফিনান্স অর্ডার অনুযায়ী তাঁদের প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তাঁরা।

Comments :0

Login to leave a comment