Uttar Pradesh

সরকারি স্বাস্থ্যকেন্দ্রে ইঞ্জেকশন নেওয়ার পরই অসুস্থতা, মৃত্যু ২৮ বছরের তরুণীর! তদন্তে তিন সদস্যের কমিটি

জাতীয়

সরকারি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করাতে গিয়ে মর্মান্তিক পরিণতি। হাঁটুর নীচে ব্যথা নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে গিয়েছিলেন ২৮ বছরের এক তরুণী। সেখানে ইঞ্জেকশন দেওয়ার পরই তার শারীরিক অবস্থার অবনতি হয় বলে অভিযোগ। পরে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় তার। ঘটনাটি উত্তরপ্রদেশের বলিয়া জেলার। এই ঘটনায় ইতিমধ্যেই তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য দপ্তর।
মৃতার নাম খুশবু বর্মা। তিনি সিওয়ান কালা গ্রামের বাসিন্দা। সোমবার সকালে হাঁটুর নীচে ব্যথা হওয়ায় তাকে সিকান্দারপুরের কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যান তার স্বামী দীপক বর্মা। সেখানে বহির্বিভাগে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় তাকে। পরিবারের অভিযোগ, চিকিৎসক তাকে কয়েকটি ওষুধ দেওয়ার পাশাপাশি একটি ইঞ্জেকশন দেন। কিন্তু ইঞ্জেকশন নেওয়ার কিছুক্ষণের মধ্যেই খুশবুর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে।
খুশবুর স্বামী দীপক বর্মার দাবি, চিকিৎসক ওষুধ দেওয়ার পাশাপাশি ইঞ্জেকশন দিয়েছিলেন। এরপরই তার স্ত্রীর মুখ দিয়ে ফেনা বের হতে শুরু করে এবং শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরিস্থিতি আশঙ্কাজনক হয়ে উঠলে তাকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেন চিকিৎসকেরা। কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পরই মৃত্যু হয় খুশবুর।
ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায়। তরুণীর মৃত্যুর পর ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। তারা হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বলিয়ার পুলিশ সুপার ইরাজ রাজা জানিয়েছেন, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ঘটনার কথা জানতে পেরে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন বলিয়ার জেলাশাসক জ্ঞানেন্দ্র সিং। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অভয় নারায়ণ রাই জানিয়েছেন, ইঞ্জেকশন দেওয়ার পরেই খুশবুর শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। ঘটনার তদন্তে অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে, তদন্ত কমিটি গোটা ঘটনার পরিস্থিতি খতিয়ে দেখবে। চিকিৎসায় কোনও গাফিলতি ছিল কি না, ইঞ্জেকশন দেওয়ার ক্ষেত্রে কোনও অনিয়ম হয়েছিল কি না, তা-ও তদন্তের আওতায় থাকবে। তদন্তের রিপোর্ট জমা পড়ার পর কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক।
সরকারি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করাতে গিয়ে এক তরুণীর মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে স্বাস্থ্য পরিষেবার মান ও চিকিৎসার পদ্ধতি নিয়ে। যদিও ইঞ্জেকশনের কারণেই তার মৃত্যু হয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্ত কমিটির অনুসন্ধানের পরেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। আপাতত সেই রিপোর্টের অপেক্ষায় মৃতার পরিবার।

Comments :0

Login to leave a comment