Computer Teachers Termination ABTA

ছাঁটাইয়ের মুখে প্রায় ৫ হাজার কম্পিউটার প্রশিক্ষক, প্রতিবাদ এবিটিএ’র

রাজ্য কলকাতা

চুক্তিতে নিযুক্ত প্রায় ৫ হাজার শিক্ষক শিক্ষিকার কাজ চলে যাচ্ছে। তার মধ্যে প্রায় ১৪০০ শিক্ষক কাজ ছাড়ার নোটিশ পেয়ে গিয়েছে বেসরকারি নিয়োগ সংস্থার থেকে। 
বেসরকারি সংস্থার মাধ্যমেই সরকারি স্কুলে কম্পিউটার প্রশিক্ষক নিয়োগ করা হয়েছে। কিন্তু এই নিয়োগ চুক্তিভিত্তিক। সংশ্লিষ্ট বেসরকারি সংস্থা, স্কুলনেট ইন্ডিয়া লিমিটেড, শিক্ষকদের ৯ অক্টোবরের পর চুক্তির অবসান হবে বলে নোটিশ পাঠিয়ে দিয়েছে।
পুরো প্রক্রিয়ায় তীব্র ক্ষোভ জানিয়েছে শিক্ষক সংগঠন এবিটিএ। সংগঠনের কলকাতা জেলা সভাপতি কোয়েল বিশ্বাস বলেছেন, শিক্ষকদের ছাঁটাই করে দেওয়ার সিদ্ধান্ত মেনে নেওয়া যাবে না। তাঁরা কম্পিউটার প্রশিক্ষণের জন্যই নিযুক্ত হয়েছিলেন চুক্তিতে। কিন্তু সব স্কুলেই শিক্ষক কম। ফলে স্কুলের স্বার্থে অন্য ক্লাসও নিয়মিত নেন তাঁরা। তা ছাড়া, সরকারি কর্মচারী হিসেবে তাঁদের বিভিন্ন প্রকল্পে কাজে লাগানো হয়েছে।
অস্থায়ী ভিত্তিতে হলেও ‘ফেজ ফাইভ’ পর্যন্ত নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ৬০ বছর পর্যন্ত কাজ নিশ্চিত হয়েছে। এবিটিএ জানাচ্ছে, ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে নিযুক্ত কম্পিউটার শিক্ষকদের ক্ষেত্রেই সমস্যা হচ্ছে। এই দুই পর্যায়ে ৫ হাজারের বেশি শিক্ষক নিযুক্ত হয়েছেন। তার মধ্যে ১৪০০-র কিছু বেশি শিক্ষককে নোটিশ ধরানো হয়েছে। 
এবিটিএ’র বক্তব্য, সরকারি স্কুলে কেন বেসরকারি সংস্থার মাধ্যমে চুক্তিতে শিক্ষক নিয়োগ করা হবে? সরকারকেই সরাসরি নিয়োগের দায়িত্ব নিতে হবে। 
কোয়েল বিশ্বাস জানিয়েছেন, জেলায় জেলায় সাংবাদিক সম্মেলন করে সংগঠন বিষয়টি নজরে আনছে এবিটিএ। সংশ্লিষ্ট স্তরে জানানো হয়েছে। প্রয়োজনে আইনি লড়াইতেও যাবে এই শিক্ষক সংগঠন।

Comments :0

Login to leave a comment