পূর্ব মেদিনীপুরের খেজুরির বঙ্গোপসাগরের কোল ঘেঁষে নিজকসবা গ্রাম পঞ্চায়েতে গড়ে ওঠা ৫০০ বছরের বেশি সময়ের হিজলি মসনদি আলা। সমুদ্রসৈকত সংলগ্ন হিজলি মসনদি আলা পর্যটন কেন্দ্র এলাকায় মেলার মতো সারসার করে দোকান গড়ে উঠেছিল পর্যটকদের জন্যেই। শনিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই সেখানে অবস্থিত ৪০টিরও বেশি অস্থায়ী দোকান।
রবিবার সকালে ঘটনা স্থল পরিদর্শন করেন সিপিআই(এম) নেতৃবৃন্দ। অসহায় মানুষের সঙ্গে কথা বলেন, তাঁদের বক্তব্য শোনেন। অসহায় দোকানদার ও পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েছেন। সিপিআই(এম) এই অসহায় মানুষের কাছে থেকে সব রকম সাহায্য সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। এদিন ঘটনাস্থল পরিদর্শন করেন সিপিআই(এম) হিমাংশু দাস, খেজুরি এরিয়া কমিটির সম্পাদক রত্নেশ্বর দোলুই, অশনি পাত্র, গোকুল ঘোড়ুই।
নতুন সরকারের কাছে দাবি জানিয়ে সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য হিমাংশু দাস বলেন, "এই ক্ষতিগ্রস্ত মানুষদের সব রকম সাহায্য সহযোগিতা এবং ক্ষতিপূরণ দিয়ে পুনর্বাসন দেওয়া হোক। আবার পূর্বের মতো খেজুরিতে যাতে পর্যটকদের ঢল নামে এবং ব্যবসা-বাণিজ্য গড়ে ওঠে সেই পরিবেশ তৈরি হয় তা দেখা দরকার।"
ক্ষতিগ্রস্তের দাবি এই অগ্নিকাণ্ডে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তাদের। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, সমুদ্র সৈকতের ধারে অস্থায়ী দোকানগুলিতে আগুন লাগার ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। শর্ট সার্কিট, সিলিন্ডার বিস্ফোরণ না পরিকল্পনা করে আগুন লাগানো হয়েছে খতিয়ে দেখছে প্রশাসন। কোনও তদন্ত ছাড়াই যারা বলছেন শর্ট সার্কিটে দোকানগুলো পুড়ে গেছে তা মোটেই নয়। এলাকার মানুষের দাবি সচেতনভাবে নাশকতামূলক কাজ করা হয়েছে। তদন্ত করে দোষীদের শাস্তি দিতে হবে।
Comments :0