চিকিৎসায় চরম গাফিলতি ও অব্যবস্থার অভিযোগে রণক্ষেত্রের চেহারা নিল মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর। জ্বর নিয়ে ভর্তি হওয়া সাত বছরের শিশুর মৃত্যুতে পরিবার ও স্থানীয় বাসিন্দাদের ক্ষোভে উত্তাল হাসপাতাল। পরিবারের দাবি, ইনজেকশন দেওয়ার পরই দ্রুত অবস্থার অবনতি এবং শিশুটির মৃত্যু হয়।
জানা গিয়েছে, মালবাজার ব্লকের নেওড়া মাঝিয়ালি এলাকার বাসিন্দা সাত বছরের সিরাজ মহম্মদকে বৃহস্পতিবার বিকেলে জ্বর ও পেটের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়। পরিবারের সদস্যদের দাবি, হাসপাতালে ভর্তির সময় শিশুটি কথা বার্তা বলছিল এবং অনেকটাই সুস্থ ছিল। রাতেও মোটামুটি স্থিতিশীল ছিল।
পরিবারের অভিযোগ, শুক্রবার সকালে এক নার্স এসে তাকে ইনজেকশন দেওয়ার পরই সমস্ত বিপত্তি ঘটে।ইনজেকশন দেওয়ার মাত্র ১৫ মিনিটের মধ্যেই শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। ইনজেকশন দেওয়ার আগে কেনো 'স্কিন টেস্ট' বা প্রয়োজনীয় পরীক্ষা করা হয়নি, সেই প্রশ্ন তুলেছেন স্বজনহারা পরিবার।এছাড়াও হাসপাতালের বেহাল দশার কথা তুলে ধরে তারা জানান, যে ওয়ার্ডে শিশুটিকে রাখা হয়েছিল সেখানে ফ্যান পর্যন্ত সচল ছিল না।
ঘটনার পরেই উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর। পরিবারের সদস্যরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে এই ধরনের মৃত্যুর অভিযোগ নতুন নয়। এর আগেও হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির একাধিক অভিযোগ উঠেছে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালের সুপার ও চিকিৎসকরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন। তবে শোকসন্তপ্ত পরিবার দোষী চিকিৎসকদের উপযুক্ত শাস্তির দাবিতে অনড়। এই ঘটনায় সমগ্র এলাকায় তীব্র চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।
Malbazar Hospital
চিকিৎসায় গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগে উত্তপ্ত মালবাজার হাসপাতাল চত্বর
×
Comments :0