Congress Manifesto

তৃণমূল শাসনে দুর্নীতি-বেকারি, বিজেপি ব্যস্ত মেরুকরণে, ইশ্‌তেহারের ঘোষণায় খাড়গে

রাজ্য

মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে কংগ্রেস। ইশ্‌তেহার প্রকাশ করে কংগ্রেস সভাপতি তথা রাজ্য সভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বলেন , বাংলার সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি এবং বেকারত্ব। তিনি অভিযোগ করে বলেন, রাজ্যের উন্নয়নের জন্য কাজ করেননি মমতা ব্যানার্জি। তার সময়ে পশ্চিমবঙ্গে দুর্নীতি বেড়েছে। কাজ নেই, চাকরি নিয়ে দুর্নীতি হয়েছে। জেলে যেতে হয়েছে রাজ্যের একাধিক নেতা মন্ত্রীকে। শিক্ষিত বেকার যুবক যুবতীরা কাজের সন্ধানে রাজ্য ছেড়ে ভিন রাজ্যে বা দেশের বাইরে চলে যাচ্ছেন। 
কংগ্রেস বাংলার যুবকদের জন্য ‘যুব সম্মান যোজনা’ এবং 'বেঙ্গল এমপ্লয়মেন্ট গ্যারান্টি মিশন' চালু করার কথা ঘোষণা করেছে। রাজ্যের সমস্ত শূন্য সরকারি পদ এক বছরের মধ্যে পূরণ করা হবে দাবি করেছেন খাড়গে।  
ইশ্‌তেহারে মহিলাদের জন্য প্রতি মাসে ২,০০০ টাকা আর্থিক সহায়তা, স্নাতকোত্তর স্তর ছাত্রছাত্রীদের পর্যন্ত বিনামূল্যে শিক্ষা এবং রাজ্যে বিনামূল্যে সরকারি পরিবহণের ঘোষণা করা হয়েছে। ক্ষুদ্র ও ভূমিহীন কৃষকদের জন্য বার্ষিক ১৫,০০০ টাকা সহায়তা এবং ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুত ও প্রতিটি পরিবারের জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইশতেহারে। 
খাড়গে বলেছেন, গত ১৫ বছরে তৃণমূল কংগ্রেস বাংলার উন্নয়নের জন্য খুব সামান্যই কাজ করেছে। রাজ্যে বিনিয়োগ এবং কর্মসংস্থানের সুযোগ প্রয়োজন, তা হয়নি। আর বিজেপি অর্থনীতি বা চাকরি নিয়ে কথা বলে না, তাদের একমাত্র লক্ষ্য মেরুকরণ। তাঁর দাবি, কংগ্রেস কর্ণাটক, তেলেঙ্গানা এবং হিমাচল প্রদেশে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলাম তা পূরণ করেছি।

Comments :0

Login to leave a comment