Assembly 2026: Khandaghosh

স্থায়ী কাজের আইনের জন্যও বিধানসভায় পাঠাতে হবে বামপন্থীদের: প্রচারে শতরূপ

রাজ্য জেলা বাংলা বাঁচানোর ভোট

খণ্ডঘোষে নির্বাচনী প্রচারে শতরূপ ঘোষ। ছবি: পার্থপ্রতিম কোঙার।

সমকাজে সমবেতন চালু করতে হবে। স্থায়ী করতে হবে অস্থায়ী কর্মীদের। তার জন্য রাজ্যে চালু করতে হবে আইন। বিধানসভায় বামপন্থীদের পাঠানো দরকার সে কারণেও। 
খণ্ডঘোষ বিধানসভার সিপিআই(এম) প্রার্থী রামজীবন রায়ের সমর্থনে প্রচার সভায় এই মর্মে আহ্বান জানালেন সিপিআই(এম) নেতা শতরূপ ঘোষ। 
সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ প্রচার সভা করেন খণ্ডঘোষের বোঁয়াইচন্ডী বাজারে।
শতরূপ বলেন, বামপন্থীদের দুর্বল করতেই তৃণমূলকে সামনে এনেছিল আরএসএস। সাধারণ মানুষকে নিয়ে লড়াই জোরদার করার আহ্বান জানান তিনি। 
সভায় সভাপতিত্ব করেন দেশবন্ধু হাজরা। বক্তব্য রাখেন প্রার্থী রামজীবন রায়ও।
শতরূপ ঘোষ বলেন, ‘‘সরকারি বিভিন্ন দপ্তর এবং বেসরকারি সংস্থার অস্থায়ী কর্মীদের স্থায়ী করার আইন লাগু করার ব‍্যবস্থা করতে হবে। আর তার জন্যই বামফ্রন্টের শক্তি বৃদ্ধি করা প্রয়োজন।’’ 
তিনি বলেন, ‘‘বামপন্থীরা উল্লেখযোগ্য সংখ্যক বিধায়ক নিয়ে বিধানসভার ভেতরে যেতে পারলে সরকারকে বাধ্য করবে এই আইন করতে।’’
শতরূপের কথার উঠে আসে বর্তমান সময়কালে রাজ‍্য ও কেন্দ্রের দুই সরকার বিজেপি ও তৃণমূলের নিজেদের মধ্যে আঁতাতের প্রসঙ্গ। কৃষকের ফসলের দাম নেই, শিক্ষিত যুবক যুবতীদের কর্মসংস্থানের কোন সুযোগ নেই, কলকারখানা সহ বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন যে দুর্বার আন্দোলনের পথে যেতে চায় বামপন্থীরা। 
শতরূপ বলেন, ‘‘বিধানসভা নির্বাচনে তৃণমূল ও বিজেপি’র ধর্মীয় মেরুকরণের রাজনীতিকে দূরে সরিয়ে, সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সম্প্রতি-সংহতি বজায় রেখে সর্বস্তরের মানুষকে এককাট্টা করে লড়াই জোরালো করতে হবে। তৃণমূল-বিজেপির কাছে মানুষের জন্য বিকল্প কিছু নেই বলেই ধর্মকে রাজনীতির সঙ্গে মিশিয়ে মানুষকে বিভ্রান্ত করছে।’’  
এদিনই রায়নার সেহারাবাজারে রায়না বিধানসভার সিপিআই(এম) প্রার্থী সোমনাথ মাজির সমর্থনে আরও একটি সমাবেশ করেন তিনি ।

Comments :0

Login to leave a comment