Md Salim Interview

বাংলার পুনরুত্থানের জন্যই দরকার পুনরুজ্জীবিত বাম শক্তির: সাক্ষাৎকারে সেলিম

রাজ্য বাংলা বাঁচানোর ভোট

বাংলার পুনরুত্থানের জন্য দরকার পুনরুজ্জীবিত বাম শক্তির। সেই লক্ষ্যেই লড়াই হচ্ছে বিধানসভা নির্বাচনে। 
সংবাদসংস্থা ইউএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। 
বিধানসভা নির্বাচনে বামপন্থীদের জোরের জায়গা ব্যাখ্যা করেছেন সেলিম। তিনি বলেছেন, ‘‘বামপন্থীদের ঐক্য প্রসারিত হয়েছে। বামপন্থী শক্তি পুনরুজ্জীবিত হয়ে ঝাঁপিয়েছে। বামফ্রন্টের শরিক ছিল না এমন বামপন্থী দল বা গোষ্ঠীগুলিও এবার একযোগে শামিল হয়েছে।’’ এই প্রসঙ্গে তিনি উল্লেখ করেছেন যে সিপিআই(এম-এল) লিবারেশনের সঙ্গে এবার আসন সমঝোথা হয়েছে। 
সেলিম ঘটনাক্রম ব্যাখ্যা করে বলেছেন, ‘‘২০২৩’র পঞ্চায়েত নির্বাচন থেকে রাজ্যে বেনজির লুট এবং হিংসা হয়েছে। তার বিরুদ্ধে সংগ্রাম করেই শক্তি অর্জন করেছে বাম আন্দোলন।’’ তিনি বলেছেন, ‘‘মানুষের জীবনের সঙ্গে জড়িত বিষয় নিয়ে বিজেপি-কে লড়াই করে দেখা যায়নি একেবারেই। অথচ রাজ্যের কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, নাগরিক পরিষেবা শোচনীয় অবস্থায় রয়েছে।’’ 
সেলিমকে প্রশ্ন করা হয় রাজ্যে সাম্প্রদায়িক মেরুকরণ নিয়ে। তিনি বলেছেন, ‘‘বিজেপি এবং তৃণমূল দু’দলই নাটকবাজি, ঘৃণা প্রচার, বিভাজনের রাজনীতি চালাচ্ছে। মন্দির-মসজিদ নিয়ে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। আমরা মানুষের মধ্যে প্রচার করছি যে এই খেলা দু’দলই চালাচ্ছে আসল দাবিগুলিকে আড়াল করতে। ফলে মানুষকে ধোঁকা দেওয়া যাবে না।’’ 
বিজেপি-তৃণমূলের বোঝাপড়া সম্পর্কে তিনি বলেছেন যে আরএএস একসময়ে মমতা ব্যানার্জিকে দুর্গা বলেছিল। আমরা আরজি কর আন্দোলনের সময়ও দেখেছি লক্ষ লক্ষ মানুষ বিচারের দাবি জানিয়েছেন। কিন্তু বিজেপি-তৃণমূলের বোঝাপড়ার কারণে বিচার মেলেনি। নরেন্দ্র মোদীর সরকার যে যে তদন্ত এজেন্সি চালায় তারাও সঠিক তদন্ত করেনি। এখন জনতার কাছে পরিষ্কার নাগপুরের ইশারায় কিভাবে দুই শক্তি বোঝাপড়া করে চলছে।

Comments :0

Login to leave a comment