Crime

সোশ্যাল মিডিয়ায় পরিচয়, বিয়ের প্রতিশ্রুতি ও আপত্তিকর ছবি দেখিয়ে ব্ল্যাকমেল সাত বছর ধরে ধর্ষণের অভিযোগ, তদন্তে পুলিশ

রাজ্য কলকাতা

কলকাতার বাঁশদ্রোণী এলাকায় এক মহিলাকে দীর্ঘ সাত বছর ধরে ধর্ষণ ও ব্ল্যাকমেলের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেই তাদের সম্পর্ক তৈরি হয় বলে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে প্রথমে মেটিয়াবুরুজ থানায় একটি জিরো এফআইআর (Zero FIR) দায়ের করা হয়। পরে অভিযুক্তের বাসস্থান এবং অভিযোগের একটি অংশ বাঁশদ্রোণী থানার এলাকায় হওয়ায় প্রাথমিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মামলাটি বাঁশদ্রোণী থানায় স্থানান্তর করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, প্রায় সাত বছর আগে সোশ্যাল মিডিয়ায় অভিযুক্তের সঙ্গে পরিচয় হয় ওই মহিলার। এরপর দু'জন একাধিকবার বিভিন্ন জায়গায় বেড়াতে যান। সেই সময় এক হোটেলে নিয়ে গিয়ে অভিযুক্ত প্রথমে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। একই সঙ্গে মহিলার আপত্তিকর ছবি ও ভিডিওও তুলে রাখে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
নির্যাতিতার দাবি, ওই ছবি ও ভিডিও প্রকাশ্যে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অভিযুক্ত দীর্ঘদিন ধরে তাকে বারবার যৌন নির্যাতন করে। ব্ল্যাকমেলের মাধ্যমে তার উপর মানসিক ও শারীরিক অত্যাচার চালানো হয়েছে বলেও অভিযোগ।
পুলিশ জানিয়েছে, বাঁশদ্রোণী থানার তদন্তকারীরা ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছেন। অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহের কাজ চলছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
পুলিশের তরফে জানানো হয়েছে, তদন্তের অগ্রগতির ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Comments :0

Login to leave a comment