Dinhata

আক্রান্ত অধ্যাপক, হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ-বিক্ষোভ সর্বত্র

রাজ্য জেলা

দিনহাটা কলেজে শিক্ষা সংক্রান্ত কাজে গিয়ে কলেজ থেকে বের হবার সময় গেটের মুখে দিনহাটা কলেজেরই প্রাক্তনী তথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং হাওড়া বিজয়কৃষ্ণ গার্লস কলেজের অর্থনীতির অতিথি অধ্যাপক সঞ্জীব কর্মকারের ওপর হামলার ২৪ ঘন্টা পরেও দিনহাটা থানার পুলিশ অভিযুক্তদের কাউকেই গ্রেপ্তার না করায় প্রতিবাদ -বিক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে কোচবিহার জেলার ছাত্র-শিক্ষক- অভিভাবকদের পক্ষ থেকে। প্রতিবাদে সরব হয়েছে এসএফআইও।
এদিকে আক্রান্ত অধ্যাপকের মাথার আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসকেরা বৃহস্পতিবার রাতেই কোচবিহারে সিটি স্ক্যান করতে পাঠায়। চিকিৎসকেরা জানিয়েছেন তাঁর অবস্থা স্থিতিশীল। শুক্রবার সকালে ওই অধ্যাপককে ছুটি দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিকে বৃহস্পতিবার দিনহাটা কলেজ গেটে হামলার ঘটনায় এবিভিপি- যোগ সামনে এসেছে। হাসপাতাল থেকে ছুটি পেয়ে আক্রান্ত অধ্যাপক সাংবাদিকদের বলেন গতকাল রাতেই দিনহাটা থানায় লিখিত অভিযোগ করেছি, যারা আমার ওপর হামলা করেছে তারা সংখ্যায় ৮/৯ জন হলেও চারজনকে চিনতে পেরেছি। হামলাকারিরা হল, পলাশ সরকার,সঞ্জয় বিশ্বাস, প্রীতম বর্মন এবং প্রেম কুমার বর্মা। এরা প্রত্যেকেই এবিভিপি’র কর্মী। 
উল্লেখ্য দিনহাটায় ক্ষমতার পালাবদল হলেও অধ্যাপক আক্রান্ত হবার ঘটনা এই প্রথম নয়। তৃণমূল আমলে নকল ধরার অপরাধে এক অধ্যাপক নিগৃহীত হয়েছিলেন। তাঁর প্রতিবাদে কলেজের অধ্যাপকেরা কলেজের সামনের রাস্তায় নেমে পথ অবরোধ করলেও অপরাধী শাস্তি পায় নি। সরকার পরিবর্তনের পর গত জুলাই মাসে এবিভিপি এসএফআই কর্মীদের ওপর হামলা করেছিল।
এসএফআইয়ের রাজ্য সভাপতি প্রণয় কার্যী শুক্রবার বলেন, রাজ্যের ক্যাম্পাসে ক্যাম্পাসে তৃণমূলের মতই এবিভিপি সন্ত্রাস চালাচ্ছে। ছাত্রজীবনে এসএফআই করার অপরাধে অধ্যাপক হবার পরেও এবিভিপির হামলার শিকার হতে হচ্ছে। অধ্যাপকের যেখানে নিরাপত্তা নেই সেখানে ক্যাম্পাসে সাধারণ পড়ুয়াদের নিরাপত্তা কোথায়? প্রশাসনকে নিরপেক্ষ তদন্ত করে দোষীদের শাস্তি দিতে হবে। 
এদিকে অধ্যাপক আক্রান্ত হবার ঘটনার নিন্দা করে দিনহাটার ছাত্র-শিক্ষক-অভিভাবক মঞ্চের পক্ষ পল্লব দেব, কৃষ্ণ ব্রজবাসী সহ একটি প্রতিনিধি দল এসডিপিওকে স্মারকলিপি দিয়ে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি করেন। অন্যদিকে দিনহাটা নাগরিক অধিকার মঞ্চের পক্ষ থেকে সংগঠনের আহ্বায়ক রাজীব রায় জানান তারা জেলা পুলিশ সুপারকে মেল করে দ্রুত অধ্যাপকের ওপর হামলাকারিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। ওয়েবকুটার নেতা নিহারেন্দু বর্মন শুক্রবার প্রেস বিবৃতি দিয়ে অধ্যাপকের ওপর হামলা ও কলেজের মধ্যে অবানছিত ঘটনার নিন্দা করে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

Comments :0

Login to leave a comment