এসআইআর প্রক্রিয়ায় যেভাবে ‘বিবেচনাধীন’ তালিকা থেকেও ২৭ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে তার তীব্র নিন্দা করেছেন বামফ্রন্ট সভাপতি বিমান বসু। বুধবার বামফ্রন্টের পক্ষ থেকে এক বিবৃতি প্রকাশ করা হয়েছে। বিমান বসু বলেছেন, নির্বাচনী প্রচারের সময়েও ভোটাধিকার রক্ষার দাবিতে বিক্ষোভ ও কর্মসূচি চালিয়ে যেতে হবে। যে রাজনৈতিক ষড়যন্ত্রে অগণতান্ত্রিক পদ্ধতিতে লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, তার স্বরূপ উন্মোচিত করতে হবে।
বিমান বসু বিবৃতিতে বলেছেন, এসআইআর প্রক্রিয়া শুরুর সময় থেকেই বামফ্রন্ট দাবি করেছিল কোনও বৈধ, যোগ্য ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। এই প্রশ্নে বারংবার নির্বাচন কমিশনকে স্মারকলিপি দেওয়া হয়েছে। প্রথম দফার ভোটার তালিকা প্রকাশের পরেই দেখা গিয়েছে কোনও বৈধ কারণ ছাড়াই ব্যাপক সংখ্যক ভোটারের নাম তালিকায় ওঠেনি। ৬০ লক্ষ ভোটারের নাম 'বিবেচনাধীন' তালিকায় চলে গেল। অবশেষে এই বিবেচনাধীনদের মধ্যেও ২৭ লক্ষ বা প্রায় ৪৫ শতাংশ বাদ পড়েছেন। অথচ এই ভোটাররা অনেকেই আগের নির্বাচনগুলিতে ভোট দিয়েছেন, বাসস্থান বা অন্য নথিপত্রও তাঁদের রয়েছে। কীভাবে তাঁদের 'বিচার' হলো, ট্রাইব্যুনাল কীভাবে কাজ করবে-সবকিছুই অস্পষ্ট, অস্বচ্ছ রাখা হয়েছে। ভাষা ধর্ম, বর্ণ নির্বিশেষে একপ্রকার জোর করেই বিপুল সংখ্যক ভোটারের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। তাঁদের বিপুল অংশই গরিব, প্রান্তিক, খেটেখাওয়া মানুষ, মহিলা।
বিবৃতিতে আরও বলা হয়েছে, বামফ্রন্ট মনে করে পরিকল্পনামাফিক নির্বাচন কমিশনকে ব্যবহার করে এই কাজ করানো হয়েছে। বিজেপি এই সমগ্র পরিকল্পনার মাথা হিসাবে কাজ করেছে। কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রের শাসক দল নয়া ফ্যাসিবাদী কায়দায় মানুষের মৌলিক গণতান্ত্রিক অধিকারের ওপরে এই নজিরবিহীন আক্রমণ নামিয়ে এনেছে। অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূল রাজ্য প্রশাসনকে ব্যবহার করে এই কাজে সাহায্য করেছে। বামফ্রন্ট এই অধিকার হরণের তীব্র নিন্দা করছে। নির্বাচনী প্রচারের সময়েই ভোটাধিকার রক্ষার দাবিতে বিক্ষোভ ও কর্মসূচি চালিয়ে যেতে হবে। নাম বাদ পড়া ভোটারদের ট্রাইব্যুনালে আবেদনের জন্য বামফ্রন্টের আইনজীবী ও অন্যান্য কর্মীরা সহায়তা করছেন। কিন্তু এই সহায়তার কাজেও গতি বাড়াতে হবে। বৈধ ভোটারদের সঙ্গে সংযোগ রক্ষা করে চলতে হবে। যে রাজনৈতিক ষড়যন্ত্রে অগণতান্ত্রিক পদ্ধতিতে লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, তার স্বরূপ উন্মোচিত করতে হবে।
Left front
কমিশনের স্বরূপ উন্মোচনে বিক্ষোভ চালিয়ে যেতে হবে, ভোটার বাদ নিয়ে বামফ্রন্ট
×
Comments :0