Corporate Loan

কর্পোরেট ঋণ আদায় মাত্র ১৪.৫%, ছোট ঋণে ৭৪%

জাতীয়

 রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে বড় কর্পোরেট ঋণগ্রহীতাদের বকেয়া ঋণ আদায়ের হার যেখানে মাত্র ১৪.৫ শতাংশ, সেখানে ১ কোটি টাকার কম ঋণ নেওয়া ছোট ঋণগ্রহীতাদের ক্ষেত্রে সেই হার ৭৪ শতাংশ। পাশাপাশি, বড় কর্পোরেট সংস্থাগুলির বিপুল অঙ্কের ঋণ মকুব হলেও ছোট ঋণগ্রহীতাদের ক্ষেত্রে মকুবের পরিমাণ তুলনামূলকভাবে অনেক কম। কেন্দ্রীয় ব্যাঙ্কের তথ্যের ভিত্তিতে এমনই দাবি করেছেন পুনের আরটিআই আন্দোলনের সংগঠক বিবেক ভেলঙ্কার।
আরটিআই সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, ২০১৬-১৭ থেকে ২০২৫-২৬—এই দশ বছরে ১ কোটি টাকার কম বকেয়া থাকা ছোট ঋণগ্রহীতাদের কাছ থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি ৫,০০৪.২৮ কোটি টাকা আদায় করেছে। অন্যদিকে, ১০০ কোটি টাকার বেশি ঋণ থাকা কর্পোরেট সংস্থাগুলির কাছ থেকে আদায় হয়েছে ৩,৮৭৪.৪১ কোটি টাকা। অর্থাৎ ছোট ঋণগ্রহীতাদের ক্ষেত্রে বকেয়া আদায়ের হার ৭৪ শতাংশ হলেও বড় কর্পোরেট ঋণের ক্ষেত্রে তা মাত্র ১৪.৫ শতাংশ।
ঋণ মকুবের পরিসংখ্যানেও একই ধরনের বৈষম্যের ছবি উঠে এসেছে বলে দাবি করা হয়েছে। গত দশ বছরে ১ কোটি টাকার কম ঋণ থাকা ছোট ঋণগ্রহীতাদের মোট ৬,৭৭৪.২৩ কোটি টাকার ঋণ মকুব হয়েছে। সেখানে ১০০ কোটি টাকার বেশি ঋণ থাকা বড় কর্পোরেট সংস্থাগুলির ক্ষেত্রে মকুবের পরিমাণ ২৬,৭০১.৪১ কোটি টাকা।
বিরোধীদের অভিযোগ, নরেন্দ্র মোদী সরকারের আমলে বড় কর্পোরেট সংস্থাগুলির ঋণ পুনর্গঠন ও মকুবের পথ তুলনামূলকভাবে সহজ হয়েছে। কর্পোরেট ঋণ সংক্রান্ত বিরোধের নিষ্পত্তির জন্য ২০১৬ সালের ১ জুন ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল (এনসিএলটি) গঠিত হয়। পাশাপাশি কর্পোরেট বকেয়া ঋণ উদ্ধারের জন্য কার্যকর করা হয় ইনসলভেন্সি অ্যান্ড ব্যাঙ্করাপ্সি কোড (আইবিসি)।
সম্প্রতি জি মিডিয়া গোষ্ঠীর মালিক সুভাষ চন্দ্রের প্রায় ২২,০০৬ কোটি টাকার বকেয়া ঋণের ক্ষেত্রে এনসিএলটির অনুমোদন ঘিরেও বিতর্ক তৈরি হয়েছে। মোট বকেয়ার মাত্র ৬.৫ কোটি টাকা পরিশোধের প্রস্তাব অনুমোদন পাওয়ায় কার্যত ৯৯.৯৭ শতাংশ ঋণ মকুবের সুযোগ তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
আরটিআইয়ের তথ্য সামনে রেখে বিবেক ভেলঙ্কারের বক্তব্য, বিপুল অঙ্কের ঋণ নেওয়া বড় কর্পোরেট সংস্থাগুলির ক্ষেত্রে ঋণ মকুবের পরিমাণ যেমন বেশি, তেমনই বকেয়া আদায়ের হারও তুলনামূলকভাবে কম। অন্যদিকে, অল্প ঋণ নেওয়া ছোট ঋণগ্রহীতাদের ক্ষেত্রে আদায়ের হার অনেক বেশি হলেও তাঁদের ঋণ মকুবের পরিমাণ তুলনামূলকভাবে কম।

Comments :0

Login to leave a comment