স্বাধীনতা সংগ্রামী অরবিন্দ ঘোষের নামাঙ্কিত ভবনে আগুন লাগিয়েছে বহিরাগত এবিভিপি। তাঁর নামে বিশ্ববিদ্যালয়ের নাম হলে গোটা বিশ্ববিদ্যালয়তেই আগুন লাগাবে এই সংগঠন।
শনিবার সাংবাদিক সম্মেলন করে এমন অভিযোগই করেছেন এসএফআই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ। সরকারের কাছে তাঁদের দাবি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামর সমস্যা মেটাতে কর্তৃপক্ষ এবং ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনায় বসতে হবে।
এদিন সাংবাদিক সম্মেলনে ছিলেন এসএফআই কলকাতা জেলা সম্পাদকমন্ডলী সদস্য কৌশিকী ভট্টাচার্য, এসএফআই যাদবপুর বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কমিটির সম্পাদক অভিনব বসু সহ নেতৃবৃন্দ।
কৌশিকী বলেছেন, "আরএসএস-বিজেপি যাদবপুর বিশ্ববিদ্যালয় ও সমাজকে আলাদা করে দেখাতে চাইছে। যাদবপুরের ইতিহাস দীর্ঘ। বঙ্গভঙ্গের সময় থেকে ব্রিটিশ প্রশাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আজ ‘জাতীয় শিক্ষানীতি ২০২০’ থেকে শুরু করে বিজেপি-আরএসএসের বিভেদকামী সমস্ত নীতির বিরুদ্ধে সোচ্চার হচ্ছে।"
তাঁর বক্তব্য, "সরকারি অনুদান বন্ধ থাকা সত্ত্বেও যাদবপুর বিশ্ববিদ্যালয় কলা বিভাগে মাত্র ১২৩৫ টাকায় পড়াশোনা করা যায়। এমনকি দেশের বিভিন্ন আইআইটি’র তুলনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার খরচ অনেক কম। তিনি বলেন, বিজেপি-আরএসএস‘র পরিকল্পনা হলো দেশের সরকারি শিক্ষা ব্যবস্থাকে আক্রমণ করা। যেভাবে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় সহ দেশের একাধিক প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে সরাসরি আক্রমণ নামিয়ে এনেছে তারই অংশ হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের এই পরিকল্পনা।"
এসএফআই'র অভিযোগ, যাদবপুর বিধানসভার বিধায়ক শর্বরী মুখার্জি যাদবপুরের ছাত্র-ছাত্রীদের নামে সোশ্যাল মিডিয়া এবং মিডিয়ার সামনে ঘৃণার প্রচার করেছেন। শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা ছাত্রীদের পোশাক নিয়েও বিদ্বেষ ছড়ানো হয়েছে। যাদবপুরে পরিকাঠামগত বহু সমস্যা রয়েছে। বিভিন্ন বিভাগের ল্যাব, ক্লাসরুম বেহাল অবস্থায় রয়েছে। সরকারের তরফে অনুদান সময় মতো দেওয়া হয় না।
এসএফআই মনে করিয়েছে যে গত ১৯ আগস্ট অরবিন্দ ঘোষ নামাঙ্কিত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন বা অরবিন্দ ভবনে বিজেপি ও এবিভিপির দুষ্কৃতি বাহিনী। আগুনও লাগিয়েছে। তা ঘটেছে শর্বরী মুখার্জির নির্দেশে। সেই শর্বরী মুখার্জি মিডিয়ার সামনে বলেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলে অরবিন্দের নামে করতে হবে।
এসএফআই বলেছে, তাহলে কি যাদবপুরের নাম অরবিন্দের নামে হলে গোটা বিশ্ববিদ্যালয় জুড়ে আগুন লাগানোটা সহজ হয়ে যাবে!
Comments :0