চলতি মাসের ২০জুন নবগঠিত সরকার আগামী আট মাসের জন্য রাজ্য বাজেট পেশ করবে। বাজেট পেশের আগে ব্যবসায়ী মহলের দাবিদাওয়া ও শিল্পপতিরা কি চাইছেন তা জানতে বৃহস্পতিবার শিলিগুড়ি উত্তরকন্যায় বৈঠক সারলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সাথে ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক ও অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন। বৈঠকে বিভিন্ন দপ্তরের সচিব ও ব্যবসায়ী মহলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মূলত জিএসটি সমস্যা সমাধানের জন্য ট্রাইব্যুনালের দাবি জানান ব্যবসায়ীরা। অর্থমন্ত্রী জানিয়েছেন তার বাজেটে এই প্রসঙ্গ থাকবে। বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিক বৈঠকে বলেছেন, আমরা একটি 'প্রো-বিজনেস' ও 'বিজনেস ফ্রেন্ডলি' সরকার। ব্যবসা ও শিল্পের উন্নতি হলে অর্থনীতির সার্বিক উন্নতি হবে। সব সমস্যার সমাধান হয়তো রাতারাতি সম্ভব নয়, তবে আমরা প্রতিটি দাবি ও প্রস্তাব মন দিয়ে শুনেছি। তিনি বলেন, আগে কেন্দ্র ও রাজ্যের মধ্যে যে বিবাদের পরিবেশ ছিল, তা কাটিয়ে উন্নয়নের জন্য সমন্বয় বজায় রাখা হবে। উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হবে।
এদিনের বৈঠক প্রসঙ্গে ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স (আইসিসি)-এর উত্তরবঙ্গ শাখার চেয়ারম্যান হর্ষ বরেলিয়া বলেন, জিএসটি ট্রাইব্যুনালের পাশাপাশি আমরা উত্তরবঙ্গের অর্থনীতির মেরুদণ্ড চা শিল্পের সঙ্কট, দার্জিলিং চায়ের গুনগতমান ও ঐতিহ্য রক্ষা এবং শিল্প স্থাপনে ব্যবসায়ীদের বিশেষ সুযোগ সুবিধার দাবি জানিয়েছি। টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (উত্তরবঙ্গ)-র সম্পাদক সুমিত ঘোষ বলেন, চা বাগানগুলির লিজ সংক্রান্ত সমস্যা এবং ভর্তুকি নিয়ে আলোচনার পাশাপাশি, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ও রুগ্ন চা বাগানগুলি পুনরুজ্জীবিত করতে সরকারের কাছে একটি বিশেষ প্যাকেজের প্রস্তাব দেওয়া হয়েছে।
West Bengal Finance Minister
বাজেট পেশের আগে উত্তরকন্যায় বৈঠক অর্থমন্ত্রীর
×
Comments :0