Suvendu Adhikari

বামপন্থীদের আন্দোলনের চাপে হকারদের পুনর্বাসন দেওয়ার কথা মুখ্যমন্ত্রী মুখে

রাজ্য

ফুটপাথ থেকে হকার উচ্ছেদ করা হবে, শুক্রবার সাংবাদিক সম্মেলনে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এনডিএ সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, ‘ফুটপাথ সাধারণ মানুষের চলাফেরার জন্য। সেখানে দখল করে ব্যবসা করা যাবে না।’ সরকারি ভাবে হকারদের জন্য পুনর্বাসনের কথা ঘোষনা না করলেও এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন হকারদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করবে সরকার। 
উল্লেখ্য রাজ্যে ‘ডবল ইজ্ঞিন’ সরকার তৈরি হওয়ার পর থেকেই শুরু হয়েছে হকার উচ্ছেদ। একের পর এক রেল স্টেশনে পুনর্বাসন ছাড়াই বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে দোকান। মানুষের রুটি রুজির ওপর এই আক্রমণের বিরুদ্ধে রাজ্য জুড়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বামপন্থীরা। প্রথম থেকেই বামপন্থীরা দাবি জানিয়ে এসেছে, পুনর্বাসন ছাড়া কোন ভাবেই হকার উচ্ছেদ করা যাবে না। বুলডোজারের সামনে দাঁড়িয়ে হকারদের হয়ে আন্দোলন করতে গিয়ে জেলে যেতে হয়েছে সৃজন ভট্টাচার্যকে, আক্রান্ত হয়েছেন সুজন চক্রবর্তী। ৪ মে’র পর থেকে যখন হকার উচ্ছেদ করা হচ্ছে তখন সরকারের মুখে শোনা যায়নি পুনর্বাসনের কথা। বামপন্থীদের আন্দোলনের জেরে এদিন সরকার বলতে বাধ্যে হয়েছে হকারদের জন্য পুনর্বাসনের কথা। উল্লেখ্য আদালতে এই উচ্ছেদের বিরুদ্ধেও আইনী লড়াই করছেন বামপন্থীরা।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাস্তা না আটকে ফাঁকা জায়গায় যারা ব্যবসা করছেন তাদের উচ্ছেদ নিয়ে সরকার ভাবছে। তবে মানবিক দিক দিয়ে সবটা দেখা হবে বলেই দাবি করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্দিষ্ট ভাবে কিছু এলাকার নাম করে মুখ্যমন্ত্রী দাবি করেন কলকাতার সেই এলাকা গুলোয় অনৈতিক ভাবে ফুটপাথ দখল করে দোকান করা হয়েছে। মুখ্যমন্ত্রীর কথায় যেই সরকারি জায়গা গুলো খালি রয়েছে সেখানে হকারদের পুনর্বাসন দেওয়া হবে। তবে তার আগে সরকার ফুটপাথ থেকে হকার উচ্ছেদ করবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন হকারদের জন্য কেন্দ্রীয় সরকারের যেই প্রকল্প রয়েছে তা রাজ্যের চালু করা হবে।

Comments :0

Login to leave a comment