বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে আগামী ২৮ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সোমবার প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে, নিম্নচাপটি উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে সোমবার বিকেলের মধ্যে পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরেও মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে।
বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৫৫ থেকে ৬৫ কিলোমিটার এবং দমকা হাওয়ার বেগ সর্বোচ্চ ৭৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। এর জেরে সমুদ্র খুবই উত্তাল থাকার আশঙ্কা রয়েছে। তাই ২৯ জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূল এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।
অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতেও ১ আগস্ট পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজ্যে সর্বাধিক ৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে দক্ষিণ ২৪ পরগনার সাগর দ্বীপে। এছাড়া কাঁথিতে ৩৪ মিলিমিটার, হলদিয়ায় ২৯ মিলিমিটার এবং ক্যানিংয়ে ২১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
কলকাতার জন্যও আগামী মঙ্গলবার পর্যন্ত সাধারণত মেঘলা আকাশ এবং এক বা দুই দফা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
Weather
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস; মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ আবহাওয়া দপ্তরের
×
Comments :0