আট বছর বয়সেই দশম শ্রেণির ছাত্রী? নাকি জন্মের বছরই দশম শ্রেণিতে পড়াশোনা? নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী হাসিরানি রথের নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামার তথ্য ঘিরে এমনই প্রশ্ন উঠেছে। হলফনামায় তাঁর বয়স লেখা হয়েছে ‘৬০ প্লাস’। একই সঙ্গে শিক্ষাগত যোগ্যতার বিবরণে উল্লেখ রয়েছে, ১৯৬৫ সালে চৌখালী গঙ্গা পদ্মা মিলন কন্যা হাইস্কুলে দশম শ্রেণিতে পড়েছেন তিনি।
এই দুই তথ্য পাশাপাশি রাখলেই তৈরি হচ্ছে প্রশ্ন। ‘৬০ প্লাস’ বলতে ৬১ থেকে ৬৯ বছর ধরে নিলে তাঁর জন্মসাল দাঁড়ায় ১৯৫৭ থেকে ১৯৬৫-র মধ্যে। জন্ম যদি ১৯৫৭ সালে হয়, তা হলে ১৯৬৫ সালে তাঁর বয়স সর্বোচ্চ আট বছর। আর জন্মসাল যদি ১৯৬৫ হয়, তা হলে ওই বছর তিনি সদ্যোজাত। সেক্ষেত্রে ১৯৬৫ সালে দশম শ্রেণিতে পড়াশোনার দাবি কীভাবে সম্ভব—প্রশ্ন উঠছে।
ধন্দ আরও বাড়ছে স্কুলের ইতিহাস ঘিরে। চৌখালী গঙ্গা পদ্মা মিলন কন্যা হাইস্কুলটি ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং প্রাথমিক ভাবে জুনিয়র স্কুল হিসাবেই চলত বলে স্কুল-সংক্রান্ত তথ্য থেকে জানা গিয়েছে। ১৯৭৩ সালে দশম শ্রেণির অনুমোদন পাওয়ার পর পরবর্তী শিক্ষাবর্ষে সেই অনুমোদন কার্যকর হয়। ফলে ১৯৬৫ সালে ওই স্কুলে দশম শ্রেণির অস্তিত্ব ছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নথিতেও বর্তমানে স্কুলটি উচ্চমাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান হিসেবে তালিকাভুক্ত।
হলফনামার এই তথ্য নিয়ে পূর্ব মেদিনীপুরের বিজেপি নেতাদের বক্তব্য পাওয়া যায়নি। হাসিরানি রথের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
সিপিআই(এম)’র পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক নিরঞ্জন সিহি বলেন, ‘‘নির্বাচনের হলফনামায় দেওয়া তথ্য নিয়ে নির্দিষ্ট অভিযোগ জানাবো। প্রকৃত যাচাই হলে বিষয়টি স্পষ্ট হওয়া উচিত। যে সময়ে দশম শ্রেণিতে পড়েছেন বলে উল্লেখ করা হয়েছে, সেই সময়ে ওই স্কুলে দশম শ্রেণির অনুমোদন ছিল কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। বয়সের তথ্য নিয়েও প্রশ্ন রয়েছে।’’
আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম সহ রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। বিজেপি প্রার্থী হাসিরানি রথ প্রয়াত চন্দ্রনাথ রথের মা। চন্দ্রনাথ ছিলেন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী; মে মাসে তাঁকে গুলি করে হত্যা করা হয়। নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপি হাসিরানি রথকে প্রার্থী করেছে।
এখন প্রশ্ন, মনোনয়ন যাচাইয়ের সময় হলফনামায় থাকা বয়স ও শিক্ষাগত যোগ্যতার এই তথ্যগুলি কতটা খতিয়ে দেখা হয়েছে? নির্বাচন কমিশনের যাচাই প্রক্রিয়াতেই তার উত্তর মিলবে।
Nandigram
আট বছরেই দশম শ্রেণি? বিজেপি প্রার্থী হাসিরানি রথের হলফনামা ঘিরে প্রশ্ন
×
Comments :0