Weather

বৃষ্টিতে জলমগ্ন কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক এলাকা, ভোগান্তিতে সাধারণ মানুষ

রাজ্য কলকাতা

শুক্রবার সকাল থেকে টানা ভারী বৃষ্টিতে কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এর ফলে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে ওঠে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমে যাওয়ায় যান চলাচল ব্যাহত হয়েছে এবং সৃষ্টি হয়েছে ব্যাপক যানজটের।
মধ্য ও উত্তর কলকাতার বিভিন্ন এলাকার পাশাপাশি বিধাননগর, সল্টলেক এবং সেক্টর ফাইভের বহু রাস্তা বৃষ্টির জলে ডুবে যায়। অফিস সময়ে জল জমে থাকায় যানবাহনের গতি কমে যায় এবং দীর্ঘক্ষণ যানজটে আটকে থাকতে হয় যাত্রীদের।
কলকাতা পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের একাধিক এলাকা থেকে জল জমার খবর পাওয়া গেলেও পরিস্থিতি এখনও উদ্বেগজনক নয়। পাম্পিং স্টেশনসহ সমস্ত নিকাশি ব্যবস্থা চালু করা হয়েছে। পুরকর্মীরা সতর্ক রয়েছেন। বৃষ্টি থামলে দ্রুত জল নেমে যাবে বলে জানিয়েছে পৌরসভা।
আগামী রবিবার আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই কারণে পৌরসভা ইতিমধ্যেই একটি কন্ট্রোল রুম চালু করেছে এবং পরিস্থিতির উপর কড়া নজর রাখছে।
অন্যদিকে, বেশ কয়েকটি নিচু এলাকায় বাড়িঘর ও শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরেও জল ঢুকে পড়েছে। এর ফলে বাসিন্দাদের পাশাপাশি ছাত্রছাত্রীদেরও সমস্যার মুখে পড়তে হয়। হাওড়া জেলার বালির একটি স্কুলের শিক্ষক জানান, যোগ দিবসের প্রস্তুতি হিসেবে চলা অনুশীলন কার্যত ব্যাহত হয়েছে। তিনি বলেন, ‘স্কুলের একাধিক শ্রেণিকক্ষে জল ঢুকে পড়ায় ক্লাস বন্ধ রাখতে হয়েছে। পড়ুয়াদের পক্ষে স্কুলে এসে পাঠগ্রহণ করা সম্ভব হয়নি।’
আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১১টার মধ্যে আলিপুরে ৪৩.৬ মিলিমিটার, দমদমে ৫৮ মিলিমিটার এবং সল্টলেকে ৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া দফতর আগামী কয়েক ঘণ্টায় আরও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে। ফলে শহর ও সংলগ্ন এলাকায় জল জমার পরিস্থিতি নিয়ে প্রশাসনের উদ্বেগ বাড়ছে।

Comments :0

Login to leave a comment