দেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস এবং বাংলা ভাগের ইতিহাস মানুষের সামনে তুলে ধরতে নতুন বই উদ্বোধন করলো এনবিএ। শনিবার কলেজ স্ট্রিটে এনবিএ দপ্তরে সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী লেখা বই ‘দেশ প্রেমের খতিয়ান, স্বাধীনতা সংগ্রাম ও বাংলা ভাগ’ উদ্বোধন করেন প্রবীন বামপন্থী নেতা বিমান বসু। ছিলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, অধ্যাপক অঞ্জন বেরা।
এদিন বিমান বসু বলেন, ‘এই বইতে স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে ভারতের স্বাধীনতা আন্দোলনে কাদের কী ভূমিকা ছিল।’ তিনি বলেন, ‘যার নাম (শ্যামাপ্রসাদ) নিয়ে এতো কথা বলা হচ্ছে তাকে কখনও বাংলা ভাগ নিয়ে কথা বলতে শুনিনি।’ নিজের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘তখন আমার ১৩ বছর বয়স। শ্রদ্ধানন্দ পার্কে তাঁর ভাষণ শুনতে এসেছিলাম বন্ধুরা মিলে। সেখানে ওনাকে একটা কথা বলতেই শুনেছিলাম তা হলো কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। তারপর বড়দের কাছ থেকে জেনেছিলাম চুক্তির ভিত্তিতে কাশ্মীর ভারতের সাথে যুক্ত হয়েছে। কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু অখন্ড বাংলা রাখতে একজনই লড়াই করেছিলেন ইতিহাসে এমন কোনও কথা নেই।’
সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘বইটি তথ্য ভিত্তিক এবং বর্তমান সময় দাঁড়িয়ে এই বইটি অত্যন্ত প্রাসঙ্গিক। দেশ মানে কোন নির্দিষ্ট মানচিত্র নয়, মানুষের প্রতি ভালোবাসা, আস্থা এবং চলমান সভ্যতার প্রতীক।’
তিনি বলেন, ‘এখন কোন কোন রাজনৈতিক দল বাংলা জন্ম নিয়ে উঠে পড়ে লেগেছে। ইতিহাসের ভিত্তিতে রাজ্যের জন্ম হয়। ইংরেজদের বিরুদ্ধে নৌবিদ্রোহে তিনটি পতাকা ছিল কমিউনিস্ট, কংগ্রেস এবং মুসলিম লিগের পতাকা তখন কোন আরএসএসের ঝান্ডা ছিল না। কমিউনিস্টরা সব সময় সাম্প্রদায়িক সাম্রাজ্যবাদী রাজনীতির বিরুদ্ধে লড়াই করে এসেছে। আরএসএস নিজেকে স্বাধীনতা সংগ্রাম থেকে লুকিয়ে রেখেছিল।’
বইয়ের লেখক সিপিআই(এম) নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘নানান সংগ্রাম আন্দোলনের পর আমাদের স্বাধীনতা অর্জন করা সম্ভব হয়েছে। জাত, ধর্ম নির্বিশেষে মানুষ এই আন্দোলনে অংশ নিয়েছিলেন। এখন ইতিহাস বিকৃত করা হচ্ছে। আমাদের মানুষের কাছে সঠিক তথ্য তুলে ধরতে হবে। তাই এই বই।’
বিজেপিকে নিশানা করে চক্রবর্তী বলেন, ‘বন্দে মাতরম বলে বেশি উৎসাহ যারা দেখাচ্ছে তাদের কোন পূর্ব পুরুষকে পাওয়া যাবে না যে বন্দে মাতরম বলতে বলতে জেলে গিয়েছে বা ফাঁসির মঞ্চে উঠেছে।’
এনবিএ’এর পক্ষ থেকে জানানো হয়েছে এবছর শারদীয়া উপলক্ষে ১৯টি বই প্রকাশ করা হবে। সংস্থার পক্ষ থেকে অনিরুদ্ধ চক্রবর্তী বলেন, ‘রাজ্যের প্রতিটা প্রান্তে হবে বুক স্টল। সেখানে এই সব বই পাওয়া যাবে।’
Sujan Chakraborty
ইতিহাস বিকৃত করছে বিজেপি, মানুষের কাছে আসল ইতিহাস তুলে ধরতে বই প্রকাশ করলো এনবিএ
×
Comments :0