Suvendu Adhikari

শ্রমিক আন্দোলন হলে ‘গুন্ডা দমন’ আইন, শাসানি মুখ্যমন্ত্রীর

রাজ্য জেলা

বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের সম্প্রসারণ প্রকল্প উদ্বোধনে শ্রমিক আন্দোলনকেই শাসালেন শুভেন্দু অধিকারী। শুক্রবার মুখ্যমন্ত্রী শুক্রবার ১৫ হাজার কোটি টাকার এই প্রল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 
মুখ্যমন্ত্রী বলেন, গত ১৫ বছর ধরে রাজ্যে নতুন করে কোনও শিল্প আসেনি। বিজেপি সরকার বাংলায় ক্ষমতায় আসার পরই শিল্প আনতে শুরু করেছে। তিনি বলেন, ‘‘চৌত্রিশ বছর ধরে হরতাল, হরতাল, হরতাল। ২৪ ঘন্টার হরতাল। স্ট্রাইক করতে, করতে তালা চাবি লাগিয়ে দিয়েছে। দুনিয়ার মজদুর এক হও, বলতে বলতে গঙ্গার দু’পাড়ের যত জুটমিল, চিত্তরঞ্জন, দুর্গাপুর সব শেষ করে দিয়ে চলে গেছে।’’ এরপরই তিনি বলেন যে কারখানায় তালা ঝোলালে জেলে যেতে হবে।
বামপন্থী ট্রেড ইউনিয়নকেই নিশানা করেছে বিজেপি নেতা শুভেন্দু। ঠিক যে কায়দায় তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি আক্রমণ করতেন। শুভেন্দু আবার গুন্ডা দমন আইনের উল্লেখ করে বলেছেন যে কোনও সম্পত্তির ক্ষতি হলে তার বেশি আদায় করবেন। তিনি বলেছেন, নতুন শিল্প প্রকল্পের জন্য সরাসরা জমি কিনবে রাজ্য সরকার।
ঘটনা হলো, শ্যাম স্টিলে অস্থায়ী শ্রমিকরা ৩০০-৩৪৫ টাকা দৈনিক মজুরি পান। এক বছর চার মাস হয়ে গেছে কোনও বেতন চুক্তি হয়নি। তাছাড়া শ্রমিকদের ইএসআই থাকলেও সমস্ত শ্রমিক এখনও তার আওতায় আসেননি। আবার যাঁরা ইএসআই’র আওতায় আছেন তাঁদের চিকিৎসা করাতে হয় রানীগঞ্জ বা দুর্গাপুরে। রানীগঞ্জে ভালো ব্যবস্থা নেই। কিন্তু এই শ্রমিকদের সম্পর্কে কোনও কথাই বলেননি রাজ্যের মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে সিআইটিইউ। সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক জিয়াউল আলম জানিয়েছেন, ‘‘নিজেদের দাবি দাওয়া নিয়ে শ্রমিকদের কারখানা গেটে বিক্ষোভ করার আইনি অধিকার স্বীকৃত। একইভাবে দাবি দাওয়ার সুরাহা না হলে পদ্ধতি মেনে ট্রেড ইউনিয়নের ধর্মঘটের অধিকারও আছে। মুখ্যমন্ত্রী কী করবেন আমরা জানি না। তবে ব্রিটিশ ভারতের সময় থেকে আমরা যে আন্দোলনে আছি সেই পথ থেকে সরব না।’’
মুখ্যমন্ত্রী এদিন দাবি করেছেন এই শ্যাম স্টিলের নতুন প্রকল্প চালু হলে ১৫ হাজার মেট্রিক টন থেকে ইস্পাত উৎপাদন বেড়ে ৩৫ হাজার মেট্রিক টন হবে। ২০ হাজার মানুষ কাজ পাবেন নতুন করে। কিন্তু এলাকার মানুষ কাজ পাবেন কিনা সেই প্রশ্নটি রয়েই গেছে। কারণ এখানে যাঁরা এখন কাজ করেন তাঁদের বেশিরভাগই বাইরের রাজ্যের।

Comments :0

Login to leave a comment