অবশেষে শিলিগুড়ি পৌর কর্পোরেশনের তৃণমূলের বোর্ড ভেঙে গেলো। শিলিগুড়ি পৌর কর্পোরেশনে প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সচিব আর বিমলা। সোমবার পৌর কর্পোরেশনের বোর্ড ভেঙে দেওয়ার পর মঙ্গলবার আনুষ্ঠানিভাবে শিলিগুড়ি পৌর কর্পোরেশনে পৌঁছে প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করেছেন আর বিমলা। প্রসঙ্গত গত শুক্রবার শিলিগুড়ি পৌর কর্পোরেশনের মেয়র পদ থেকে পদত্যাগ করেন মেয়র গৌতম দেব। মেয়রের পদত্যাগের পর পরেই একে একে মেয়র পারিষদদের মধ্যে পদত্যাগের হিরিক পড়ে যায়। পরবর্তীতে তৃণমূলের কাউন্সিলারদের একটি অংশ ডেপুটি মেয়র রঞ্জন সরকারকে মেয়র হিসেবে মনোনীত করে নতুন করে কর্পোরেশনের বোর্ড গঠনের উদ্যোগ নিলেও, চারজন কাউন্সিলার এই সিদ্ধান্তের বিরোধীতা করে পদত্যাগ করেন। এরপর সোমবার দুপুরে তৃণমূলের ২৪ জন কাউন্সিলার চিঠির মাধ্যমে বোর্ড গঠন করার কথা জানান। সেই চিঠি কমিশনের হাতে পৌঁছাতেই রাজ্য পৌর ও নগরোন্নয়ন দপ্তর থেকে শিলিগুড়ি পৌর কর্পোরেশনে প্রশাসক বসানোর জন্য নির্দেশিকা জারি করা হয়।
রাজ্য সরকারের পৌর ও নগরোন্নয়ন দপ্তরের নির্দেশে এদিন সকালে দায়িত্বগ্রহণের পরেই আর বিমলা পৌরকর্পোরেশনের আধিকারিক ও কর্মীদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে বর্ষার মরশুমে প্রয়োজনীয় প্রস্তুতি পদক্ষেপ গ্রহণ সংক্রান্ত বিষয় এবং পৌর পরিষেবা প্রদান বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি বলেন, এই সময়ে বর্ষা মোকাবিলায় শহরের বিভিন্ন কাজকে গুরুত্বদিয়ে করার পাশাপাশি সমস্ত বিষয় নিয়ে আধিকারিকদের সঙ্গে সমন্বয় রক্ষা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
Siliguri Municipal Corporation
শিলিগুড়ির প্রশাসকের দায়িত্বে আর বিমলা
×
Comments :0