Dooars

সপ্তমীতে পর্যটকদের ঢল ডুয়ার্সে, ভিড় মূর্তি-সহ বিভিন্ন কেন্দ্রে

জেলা

পুজোর ছুটি ও রবিবারের অবকাশে সপ্তমীতে পর্যটকদের ভিড়ে জমজমাট ডুয়ার্সের বিভিন্ন পর্যটন কেন্দ্র।রবিবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা ডুয়ার্সের জঙ্গল, নদী ও পাহাড়ঘেরা এলাকায় ভিড় জমান। পর্যটকদের আনাগোনায় এদিন সবচেয়ে বেশি সরগরম হয়ে ওঠে মূর্তি নদী সংলগ্ন এলাকা।
গরুমারা জঙ্গলের পাশ দিয়ে বয়ে চলা মূর্তি নদীর প্রাকৃতিক সৌন্দর্য বরাবরই পর্যটকদের আকর্ষণের কেন্দ্র।গত ২২ সেপ্টেম্বর নবনির্মিত মূর্তি সেতুর উদ্বোধনের পর সেই আকর্ষণ আরও বেড়েছে। নতুন সেতু,নদী ও জঙ্গলের মনোরম পরিবেশ উপভোগ করতে এদিন বহু মানুষ পরিবার-পরিজন নিয়ে মূর্তিতে হাজির হন।সেতু ও নদীর আশপাশে ছবি তোলার পাশাপাশি নদীর ধারে বসে দীর্ঘক্ষণ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেন।
স্থানীয় ব্যবসায়ীরা পুজোর মরশুমে পর্যটকদের এই বিপুল সমাগমে আশার আলো দেখছেন।হোটেল মালিক, ছোট ব্যবসায়ী,টোটো চালক - সহ পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন পেশার মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই খুশির ছবি ধরা পড়েছে।তাঁদের আশা, পুজোর বাকি দিনগুলিতেও পর্যটকদের এই ভিড় বজায় থাকলে ব্যবসায় গতি আসবে। পর্যটকদের আনাগোনা বাড়লে স্থানীয় অর্থনীতিও উপকৃত হবে।
মূর্তি ছাড়াও এদিন গরুবাথান, সামসিং, সান্তালেখোলা, লালঝান্ডি বস্তি ও নকশাল-সহ ডুয়ার্সের বিভিন্ন পর্যটন কেন্দ্রেও ভিড় দেখা যায়।জঙ্গল,পাহাড় ও নদীর প্রাকৃতিক পরিবেশের টানে ছুটির দিনে বহু মানুষ ডুয়ার্সকে বেছে নেন।মহাসপ্তমীর দিন ডুয়ার্সের পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদের পদচারণায় উৎসবের আবহ আরও জমজমাট হয়ে ওঠে ।

Comments :0

Login to leave a comment