সমঝোতার ভণ্ডামি করে শেয়ার দুর্নীতিতে জড়িয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও তাঁর ঘনিষ্ঠ মহল।
সোমবার শেয়ার বাজার খোলার ঠিক আগে ইরানের সঙ্গে আলোচনা চলছে বলে সোশাল মিডিয়ায় পোস্ট করেন মার্কিন রাষ্ট্রপতি। এই পোস্টের কয়েক মুহূর্তের মধ্যে ‘এস অ্যান্ড পি’ সূচক লাফিয়ে বাড়ে। মাত্র দশ মিনিটের মধ্যে মার্কিন শেয়ার বাজারের ‘মার্কেট ক্যাপ’ (মোট বাজার মূল্য) প্রায় ২ লক্ষ কোটি ডলার বাড়ে। দুনিয়াজুড়ে তেলের দাম কমে।
তবে তা ছিল ক্ষণস্থায়ী। ট্রাম্পের একতরফা ঘোষণার ঘণ্টাখানেকের মধ্যে তেহরান জানায়, আমেরিকার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনও আলোচনা চলছে না। আবারও ধরাশায়ী হয় শেয়ার বাজার। প্রায় ১ লক্ষ কোটি ডলার হঠাৎ হাপিশ হয়ে যায়! বিশ্লেষকরা বলছেন, মাত্র ঘণ্টা দুয়েকের মধ্যে মার্কিন শেয়ার বাজারের মার্কেট ক্যাপে প্রায় ৩ লক্ষ কোটি ডলার ওঠানামা লক্ষ্য করা যায়।
এদিকে সংবাদপত্র ফিনান্সিয়াল টাইমস জানায়, এই কয়েক ঘণ্টার মধ্যে মার্কিন শেয়ার বাজারে নজিরবিহীন ‘বেটিং’ লক্ষ্য করা গিয়েছে। মার্কিন রাষ্ট্রপতির ঘোষণা আসার মাত্র ৫ থেকে ১০ মিনিট আগে কিছু শেয়ার ব্যবসায়ী জ্বালানির দর কমবে বলে প্রায় ৫০ কোটি ডলার বাজি ধরেন।
শেয়ার ‘বেটিংয়ে’ এমন নির্ভুল অনুমান যথেষ্ট সন্দেহজনক। কিছু বিশ্লেষক মনে করছেন, ট্রাম্পের ঘোষণার কয়েক মুহূর্ত আগে হওয়া এই লেনদেন আরও খতিয়ে দেখা প্রয়োজন। বিশেষত মার্কিন রাষ্ট্রপতি এমন ঘোষণা করতে পারেন তার খবর কোনও শেয়ার ব্যবসায়ীর কাছে আগে থেকে ছিল কিনা, এই খবর তাঁরা কোথা থেকে পেল— এসব খতিয়ে দেখা দরকার। দুর্নীতি, অর্থ তছরুপ ও শেয়ার জালিয়াতির গন্ধ পাচ্ছেন অনেকেই। এই দুর্নীতিতে হোয়াইট হাউস, বিশেষত ট্রাম্প পরিবারের কিছু সদস্যের সরাসরি যোগ রয়েছে বলে মনে করা হচ্ছে।
এদিকে, ট্রাম্পের ঘোষিত ‘পাঁচ দিনের বিরতি’-ও বেশ সন্দেহের কারণ হয়েছে। ইরানের সংসদের অধ্যক্ষ ইতিমধ্যে এই ঘোষণাকে জ্বালানি বাজার প্রভাবিত করার কৌশল বলে কটাক্ষ করেছেন। মার্কিন রাষ্ট্রপতির বিরতি ঘোষণার চার দিন পর এই কটাক্ষে যথেষ্ট যুক্তি রয়েছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। উল্লেখযোগ্যভাবে সোমবার, সপ্তাহের শুরুতে শেয়ার বাজার খোলার ঠিক আগে ট্রাম্প এই ঘোষণা করেন। শুক্রবার, সপ্তাহের শেষে বাজার বন্ধ হওয়ার দিনে বিরতির মেয়াদ শেষ হওয়ার কথা। এক সপ্তাহের জন্য কৃত্রিমভাবে বাজারের অস্থিরতা বাড়িয়ে, শেয়ারের হার বেআইনিভাবে প্রভাবিত করে মুনাফা করাই ট্রাম্পের উদ্দেশ্য ছিল, দাবি করেছেন বিশ্লেষকদের একাংশ।
Trump
যুদ্ধ বিরতির নামে শেয়ার দুর্নীতিতে জড়িয়েছেন ট্রাম্প?
×
Comments :0