Three BJP workers Arrest

আত্মহত্যায় প্ররোচনা, বর্ধমানে গ্রেপ্তার ৩ বিজেপি কর্মী

জেলা

বর্ধমান–১ পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ এবং তৃণমূল নেতা স্বরূপ রানার আত্মঘাতী হওয়ার ঘটনায় ৩ বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে দেওয়ানদিঘি থানার পুলিশ। স্থানীয় মানুষ জানিয়েছেন ধৃত ৩ জনই  বিজেপির স্থানীয় নেতা। ধৃতদের নাম কানাইলাল খাঁ, লক্ষ্মীরাম হাঁসদা ওরফে ছটু ও শ্যামল হাজরা। দেওয়ানদিঘি থানার জগদাবাদে তাদের বাড়ি। বুধবার রাতে দেওয়ানদিঘি থানার মাহিনগর থেকে লক্ষ্মীরামকে গ্রেপ্তার করা হয়। পরে দেওয়ানদিঘি থানারই জামাড় ক্যানেল পাড় এলাকা থেকে বাকি দু’জনকে গ্রেপ্তার  করা হয়। ধৃতদের বৃহস্পতিবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। তদন্তের প্রয়োজনে ধৃতদের সাতদিন নিজেদের হেপাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ। ধৃতদের দু’দিন পুলিশি হেপাজত পাঠানোর নির্দেশ দেন সিজেএম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিজেপির কয়েকজন রবিবার স্বরূপের বাড়িতে আসে। অভিযোগ তাঁকে ও তাঁর স্ত্রীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। স্বরূপ প্রতিবাদ করলে তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। হুমকি দিয়ে তারা চলে যায়। অভিযোগ পরের দিনও স্বরূপকে ফোন করে ফের হুমকি দেওয়া হয়। তাঁকে রাত ৮টা নাগাদ হাজরাপাড়ার একটি আড়তে ডাকা হয়। স্বরূপ সেখানে গেলে তাঁকে আটকে রাখা হয়। তাঁকে মারধর করা হয়। তাঁর কাছে ৫০ লক্ষ টাকা তোলা দাবি করে। টাকা না দিলে তাঁকে এবং পরিবারের লোকজনকে খুনের হুমকি দেওয়া হয়। ভয়ে তিনি ভিটে বিক্রি করে টাকা দেওয়ার কথা বলেন। তা মানতে রাজি হয়নি অভিযুক্তরা। তাঁকে তখনই টাকা দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। সেখানে তাঁকে মারধর করা হয়। আড়তের একটি ঘরে দীর্ঘক্ষণ তাঁকে আটকে রাখা হয়। এরপর জোর করে একটি কাগজে টাকা দেওয়ার কথা লিখিয়ে নিয়ে ছেড়ে দেওয়া হয়। স্বরূপ সাতদিনের মধ্যে টাকা দেবেন বলে তাদের জানান। টাকা না পেলে তাঁকে এবং তাঁর স্ত্রী ও নাবালিকা মেয়েকে কুপিয়ে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। রাতে ঘরে ফিরে আসেন স্বরূপ। মঙ্গলবার সকালে তিনি কীটনাশক খান। বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানেই বুধবার সকালে তিনি মারা যান। ঘটনার বিষয়ে মৃতের ভাই শ্যামল রানা অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ৩ বিজেপি নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা, হুমকি, তোলাবাজি ও মারধরের অভিযোগ উঠেছে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

Comments :0

Login to leave a comment