আসন্ন বিধানসভা নির্বাচনে মাদারিহাট কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত আরএসপি প্রার্থী, যুব আন্দোলনের পরিচিত মুখ সুভাষ লোহরের সমর্থনে রবিবাসরীয় প্রচার ঘিরে ব্যাপক উদ্দীপনা দেখা গেল। এদিন সকালেই মাদারিহাট বিধানসভার বীরপাড়ার বিস্তীর্ণ এলাকায় প্রচারের ‘ঝড়’ তোলেন সুভাষ লোহর। চা বাগান এলাকার কর্মসংস্থান, তৃণমূল সরকারের পাহাড়প্রমাণ দুর্নীতি এবং কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে তাঁর এই প্রচার মিছিলে পা মেলান সমাজের সর্বস্তরের মানুষ।
এদিনের প্রচার থেকে আরএসপি প্রার্থীর কণ্ঠে জোরালোভাবে উঠে আসে চা বাগান ও জঙ্গল এলাকার মানুষের বঞ্চনার কথা। বেকারদের চাকরি এবং বন্ধ চা বাগান খোলার দাবিতে সোচ্চার হন তিনি। প্রচারে অংশগ্রহণকারী মানুষের স্লোগান আর উন্মাদনা বুঝিয়ে দিচ্ছিল যে, এলাকার মানুষ এবার ‘অন্ধকার থেকে আলোর পথে’ যাত্রার অঙ্গীকার করছেন।
বীরপাড়ায় জনসংযোগের সময় প্রার্থী সুভাষ লোহর বলেন, “রাজ্য সরকার স্বাস্থ্য, শিক্ষা এবং রেশন ব্যবস্থা থেকে শুরু করে শিক্ষিত বেকারদের চাকরি নিয়েও ব্যাপক দুর্নীতি করেছে। তৃণমূলের জমানায় রাজ্যে নতুন কোনও শিল্প তো হয়ইনি, উল্টে একের পর এক কল-কারখানা ও চা বাগান বন্ধ হয়ে গেছে।”
তিনি ক্ষোভের সঙ্গে জানান যে, বীরপাড়ার শিক্ষিত বেকার যুবক-যুবতীরা কাজের অভাবে আজ ঘরছাড়া। পরিবারের মুখে দু’বেলা দু’মুঠো অন্ন তুলে দিতে তাঁরা বাধ্য হয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে বা ভিন দেশে পাড়ি দিচ্ছেন। বামফ্রন্টের লড়াই এই পরিযায়ী শ্রমিক হওয়ার যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে নিজের এলাকায় সম্মানজনক রুটিরুজির সংস্থান করা।
এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেন বামফ্রন্ট প্রার্থী। তিনি স্পষ্ট জানান, বীরপাড়ার মতো মিশ্র ধর্মাবলম্বী এলাকায় বিজেপি বা তৃণমূল—কেউই যেন ধর্ম বা জাতের নামে বিভাজন তৈরি করতে না পারে। মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে এলাকার ঐতিহ্য নষ্ট করার যে কোনও অপচেষ্টা বামপন্থীরা রুখে দেবে।
বীরপাড়ার সাধারণ মানুষ এদিন প্রার্থীর কাছে তাঁদের অভাব-অভিযোগের কথা জানান এবং পাশে থাকার বার্তা দেন। রবিবারের এই প্রচার মিছিল কেবল ভোটের প্রচার নয়, বরং এলাকার মানুষের দীর্ঘদিনের বঞ্চনার বিরুদ্ধে এক গণ-আন্দোলনের রূপ নেয়।
Election 2026 Birpara
বীরপাড়ায় সুভাষ লোহরের প্রচারে জনজোয়ার
×
Comments :0