AIDWA PANIHATI GHOLA SIR

বিজেপি-র লাগাতার হুমকি উড়িয়ে ঘোলায় জনসভা মহিলা সমিতির

রাজ্য জেলা

ঘোলায় ভোটার তালিকায় নাম ফেরানোর দাবিতে জনসভায় বলছেন মীনাক্ষী মুখার্জি। ছবি: অভিজিৎ বসু

ভোটার তালিকায় নাম ফিরিয়ে দেওয়ার দাবিতে ২৫ সেপ্টেম্বর সিইও দপ্তর অভিযানের ডাক দিয়েছে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি। রবিবার, ২০ সেপ্টেম্বর, তারই প্রচারে সভা ছিল ঘোলায়। প্রধান বক্তা ছিলেন মহিলা সমিতির নেত্রী এবং সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জি। সেই সভা বানচাল করতে বাধা, হুমকি চালালো বিজেপি। বিজেপি’র হুমকি উপেক্ষা করেও সমবেত হলেন মহিলারা। সভায় যোগ দিলেন এলাকার বহু মানুষ।
এসআইআর প্রক্রিয়া ঘিরে সারা দেশেই ক্ষোভ এবং সংশয় চরমে। পশ্চিম বঙ্গে এসআইআর প্রক্রিয়া ঘিরে অস্বচ্ছতার রাশি রাশি ঘটনা সামনে আসছে। সুপ্রিম কোর্ট নির্দেশিত ট্রাইবুনালে বিচার চলছে ঢিমে গতিতে। সামান্য যে আবেদন বিবেচিত হয়েছে, তার মধ্যেও, প্রায় ৯১ শতাংশ ক্ষেত্রে ভোটার তালিকায় নাম ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে ট্রাইবুনাল। 
এই পরিস্থিতিতেই দ্রুত মীমাংসার দাবি জানিয়ে কলকাতায় ২৫ সেপ্টেম্বর সিইও দপ্তর অভিযানের ডাক দিয়েছে মহিলা সমিতি। সারা রাজ্যে চলছে প্রচার। 
এদিন সভা ছিল ঘোলা মুসলমানপাড়ায়। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পানিহাটি-২ আঞ্চলিক কমিটি জনসভার ডাক দেয়। সমাবেশ বানচাল করতে সকাল তেকে তৎপর ছিল বিজেপি। এমনকি জনসভা চলাকালীন বিজেপি স্লোগান দিতে থাকে। প্ররোচনা তৈরিতে স্লোগান দেওয়া হয় মীনাক্ষী মুখার্জির নাম করেও। ‘সিপিএম’-র চামড়া গোটানোর স্লোগান চলতে থাকে তৃণমূলের কায়দায়। 
কিন্তু এত করেও মহিলাদের বা স্থানীয় বাসিন্দাদের আটকানো যায়নি। ঘোলার এই অঞ্চলে নজরকাড়া অংশগ্রহণ ছিল মহিলারা জেদ নিয়ে বসে থেকেছেন জনসভায়। সামনের চেয়ার সব ভরে গিয়েছিল। বহু বাসিন্দা আশেপাশে রাস্তায় সমবেত হয়ে বক্তব্য শুনেছেন।
এদিন সভা শুরুর আগে গণসংগীত পরিবেশন করা হয়। সমাবেশে সভাপতি ছিলেন মহিলা নেত্রী ছিলেন শিখা দে। বক্তব্য রাখেন মহিলা সমিতির নেত্রী পূরবী সরকার, বেবি ভৌমিক, চন্দনা চক্রবর্তী। 
মহিলা সমিতির সমাবেশ ঘিরে উত্তেজনা তৈরি হওয়ায় ঘোলা থানা থেকে পুলিশ মোতায়ন করা হয়। 
উল্লেখ্য, গত ১৮ জুন পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে শুনানি ছিল সুপ্রিম কোর্টে। ৩৭ লক্ষেরও বেশি আবেদন এখনও বিচারাধীন রয়েছে ট্রাইবুনালে। নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে দাখিল করা হলফনামায় একথা জানায়।
কমিশনের হলফনামা অনুযায়ী, এখন পর্যন্ত মোট ৩৮,২০,৬৮৩টি আপিল দায়ের হয়েছে। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে মাত্র ১,০২,২৩১টি। এখনও বিচারাধীন রয়েছে ৩৭,১৮,৪৫২টি আপিল।

Comments :0

Login to leave a comment