Bomb Explosion

চাকদহে পঞ্চায়েত প্রধানের বাড়িতে বোমা বিস্ফোরণ, জখম দুই শ্রমিক

রাজ্য জেলা

গাছ কাটার কাজ করতে গিয়ে বোমা বিস্ফোরণে গুরুতর জখম হলেন দুই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে চাকদহ থানার বিষ্ণুপুর দুবড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান অন্নপূর্ণা বিশ্বাসের বাড়িতে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে অন্নপূর্ণা বিশ্বাসের বাড়িতে গাছের ডাল কাটার কাজে গিয়েছিলেন দুই শ্রমিক দেবদাস মুন্ডারি ও সরজিত সরদার। কাজের সময় গাছের গোড়ায় পড়ে থাকা একটি বস্তু পরিষ্কার করতে গেলে আচমকাই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে দু’জনই গুরুতর আহত হন।
আহতদের তড়িঘড়ি চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কল্যাণীর জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে স্থানান্তর করা হয়।
জানা গিয়েছে, বিস্ফোরণে দেবদাস মুন্ডারির হাতের বেশ কয়েকটি আঙুল উড়ে গিয়েছে। তাঁর আঘাত গুরুতর বলে হাসপাতাল সূত্রে খবর। সরজিত সরদারও গুরুতর জখম হয়েছেন। গাছের গোড়ায় বোমাটি কীভাবে এল, কে বা কারা সেখানে সেটি রেখেছিল এবং কী উদ্দেশ্যে রাখা হয়েছিল, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চাকদহ থানার পুলিশ। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

Comments :0

Login to leave a comment