মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কমিশনের বাকি সদস্যদের আপত্তি অগ্রাহ্য করে ‘ওয়ান ম্যান শো’ চালিয়ে যেভাবে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছেন তার প্রতিবাদে এবং সবার ভোটাধিকার ফিরিয়ে আনার দাবিতে আগামী শুক্রবার কলকাতার ধর্মতলায় মহিলাদের সমাবেশে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন সিপিআই(এম)’র কেন্দ্রীয় কমিটির সদস্যা মীনাক্ষী মুখার্জি। বুধবার উত্তর ২৪ পরগনার দেগঙ্গা ও নৈহাটির দুটি পৃথক সমাবেশে তিনি বলেছেন, ভোটাধিকার সহ মানুষের সব অধিকারের ওপর হামলা চালাচ্ছে বিজেপি। তৃণমূলকে এর বিরুদ্ধে লড়াইতে পাবেন না, ওরা বিজেপি’র পকেটে ঢুকে গেছে। অধিকার রক্ষায় লড়াই করতে হলে লাল ঝাণ্ডা হাতে সবাই একজোট হোন।
এদিন ‘আমার ভোটাধিকার আমাকে ফিরিয়ে দাও’ এই দাবিকে সামনে রেখে সিপিআই(এম)’র দেগঙ্গা ২ এরিয়া কমিটির আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের সুন্দেপুকুর বাজারের সামনে এবং নৈহাটি রেল ময়দানের পাশে গ্যালাক্সি ক্লাবের সামনে দুটি পৃথক সমাবেশে ভাষণ দেন মীনাক্ষী মুখার্জি। দীর্ঘদিন পর দেগঙ্গার সুন্দেপুকুর বাজারে সিপিআই(এম)’র এই সমাবেশ ভীড়ে ঠাসা ছিল। নৈহাটি রেল ময়দানের পাশে গ্যালাক্সি ক্লাবের সামনেও ভিড় ছিল চোখে পড়ার মতো। দুটি সমাবেশেই মীনাক্ষী মুখার্জি ছাড়াও বক্তব্য রাখেন পার্টির উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক পলাশ দাশ। নৈহাটিতে এছাড়াও বক্তব্য রাখেন পার্টি নেত্রী গার্গী চাটার্জি, দেবাশীষ রক্ষিত, দেবজিত ব্যানার্জি, ইন্দ্রাণী কুন্ডু মুখার্জি। সভাপতি ছিলেন মলয় ভট্টাচার্য। দেগঙ্গার সুন্দেপুকুর বাজারে বক্তব্য রাখেন পার্টি নেতা আহমেদ আলি খান, ইমতিয়াজ হোসেন, পাপড়ি দত্ত, সেখ সাদি, দেবাশীষ মিত্র। সভাপতিত্ব করেন নারায়ন চক্রবর্তী। ভোটাধিকার ফেরানোর দাবির পাশাপাশি গণতন্ত্রের ওপরে আক্রমণের প্রতিবাদে, সিপিআই(এম)’র পার্টি দপ্তর ও কর্মীদের ওপর আক্রমণের প্রতিবাদে, কৃষকের ফসলের ন্যায্য দামের দাবিতে, মূল্যবৃদ্ধি রোখার দাবিতে ও অন্নপূর্ণা ভান্ডার সহ সব সরকারি সামাজিক প্রকল্পের সুবিধা থেকে কাউকে বঞ্চিত না করার দাবিতে উভয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
Minakhshi Mukherjee Naihati
এসআইআর: সিইও দপ্তর অভিযানের বার্তা নৈহাটি, দেগঙ্গার জনসভায়
×
Comments :0