CPIM Protest Rally In Bardhaman

বিজেপি দপ্তর থেকে অপহৃত সাথীকে উদ্ধার সিপিআই(এম) কর্মীদের, মিছিল বর্ধমানে

রাজ্য জেলা

বর্ধমানে প্রতিবাদ মিছিল

সিপিআই(এম) কর্মীকে আক্রমণের পর বিজেপি’র অফিসে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। সেখান থেকেই  প্রতিরোধের মেজাজে আহত কর্মীকে উদ্ধার করে সিপিআই(এম)’র স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা। গেরুয়া বাহিনীর এই হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বর্ধমানে প্রতিবাদ মিছিল করেছে সিপিআই(এম) বর্ধমান শহর-৪ এরিয়া কমিটি। স্থানীয় নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়, সকালে বিজেপি কর্মীদের হামলায় দলীয় কর্মীরা আক্রান্ত হওয়ার পর সিপিআই(এম) কর্মীরা প্রতিরোধের মেজাজে এগিয়ে এসে বিজেপি কার্যালয় থেকে আহত দলীয় কর্মী ধীরাজ মহাপালকে উদ্ধার করেন। এই ঘটনাকে সামনে রেখেই এদিনের মিছিল থেকে রাজনৈতিক হিংসার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়।
বর্ধমানে বিবেকানন্দ কলেজ মোড় সংলগ্ন ন্যাচারাল সিটি কমপ্লেক্স চত্বর থেকে মিছিল শুরু হয়ে বিবেকানন্দ কলেজ মোড় হয়ে বের কালাচাঁদ এলাকা পর্যন্ত যায়। মিছিলে ছিলেন সিপিআই(এম) নেতা অপূর্ব চ্যাটার্জী, দীপঙ্কর দে, অনির্বাণ রায় চৌধুরী-সহ দলের স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা।
সিপিআই(এম)’র  স্থানীয় নেতৃত্বের জানান, বৃহস্পতিবার সকাল আনুমানিক শোয়া দশটা নাগাদ দলীয় পার্টি অফিস সংক্রান্ত একটি বিষয়ে পুলিশ প্রশাসনের নির্দেশে পুলিশের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বর্ধমান শহর-৪ এরিয়া কমিটির সদস্য প্রদীপ মজুমদার, স্থানীয় নেতৃত্ব ধীরাজ মহাপাল-সহ কয়েকজন দলীয় কর্মী। সেই সময় এলাকার বিজেপি দুষ্কৃতী দিব্যেন্দু কুমার সাহা ও রাজেন্দ্র কুমার সাহা-সহ কয়েকজন তাঁদের সঙ্গে ইচ্ছাকৃতভাবে বচসা ও উত্তেজনা সৃষ্টি করে। এমন কি এক পর্যায়ে ৬০ বছরের ঊর্ধ্বে প্রবীণ সিপিআই(এম) কর্মী প্রদীপ মজুমদারের গায়ে হাত দেওয়া হয় এবং তাঁকে আক্রমণ করা হয়। তাঁকে রক্ষা করতে এগিয়ে গেলে ধীরাজ মহাপালের উপরও হামলা চালানো হয় বলে অভিযোগ। মারধরের ফলে ধীরাজ মহাপালের শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে এবং রক্তক্ষরণ হয়। এরপর তাঁকে মারধর করতে করতে জোর করে স্থানীয় বিজেপি কার্যালয়ের ভিতরে নিয়ে যায় দুষ্কৃতীরা এমনটাই  অভিযোগ করেছেন সিপিআই(এম) নেতৃত্ব। এদিন সিপিআই(এম)’র পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে সিপিআই(এম) কর্মীরা প্রতিরোধ গড়ে তুলে বিজেপি কার্যালয়ে প্রবেশ করেন এবং সেখান থেকে গুরুতর আহত ধীরাজ মহাপালকে উদ্ধার করেন। পরে তাঁকে চিকিৎসার জন্য বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন।
সিপিআই(এম)’র অভিযোগ, এই ঘটনার আগে স্থানীয় পার্টি নেতৃত্ব বিশ্বজিৎ ব্যানার্জির বাড়িতে সংগঠিতভাবে জমায়েত, বাড়ি ঘেরাও ও গালিগালাজের করে ঘেরুয়া বাহিনী। এলাকার রাজনৈতিক কর্মীদের উপর এই ধরনের ধারাবাহিক আক্রমণের ঘটনা নতুন নয়। এর আগেও সিপিআই(এম)’র এরিয়া কমিটির সদস্যদের বাড়িতে রাতের অন্ধকারে হামলার অভিযোগ পুলিশ প্রশাসনের কাছে জানানো হয়েছে।
এদিনের মিছিলের আগে সিপিআই(এম) নেতৃত্ব ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং এলাকায় শান্তি ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার দাবি জানিয়ে দুপুর বেলা বর্ধমান সদর থানায় পুলিশ প্রশাসনের কাছে ডেপুটেশন পত্র দাখিল করে। একইসঙ্গে আহত ধীরাজ মহাপালের চিকিৎসা সংক্রান্ত নথি তদন্তের আওতায় আনার এবং ঘটনার সঙ্গে পূর্ববর্তী হামলার কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানানো হয়।

Comments :0

Login to leave a comment