কলকাতার মির্জা গালিব স্ট্রিটের ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ন’জনের মধ্যে আরও দু’জনের পরিচয় মিলল। তাঁদের মধ্যে রয়েছেন ৪৮ বছরের এসএম আলিমুজ্জামান এবং ৪১ বছরের রেপতি সরকার। দু’জনেই বাংলাদেশের নাগরিক বলে জানা গেছে। দু’জনেরই বাড়ি বাংলাদেশের সাতক্ষীরার কালীগঞ্জে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত বাংলাদেশি নাগরিকের সংখ্যা সাত। মৃত বাংলাদেশি নাগরিকদের মধ্যে রয়েছেন আক্রম আলি (৭৪), তাঁর মেয়ে আফসানা শারমীন (২৭), জামাই দেবাশিস দত্ত (৩৯), নাতি স্বর্ণাশিস (২ বছর ৮ মাস) এবং ঢাকার সাভারের বাসিন্দা বাবু আহমেদ (৩৭)। মৃতদের মধ্যে রয়েছেন হোটেলকর্মী সন্দীপ পাসোয়ান (১৯), ঝাড়খণ্ডের গিরিডির বাসিন্দা এবং শিলিগুড়ির যোগ নারায়ণ আগরওয়াল (৬৮)। ঘটনায় হোটেলটি ইজারা নেওয়া আবু জাফরকে বুধবার রাতে এন্টালি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে হোটেলের মালিক বেহালার বাসিন্দা বীরেশ্বর মিত্রের এখনও খোঁজ মেলেনি। তদন্তের স্বার্থে পাশের ‘যাপন’ হোটেলের ম্যানেজার ও এক কর্মীকেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ব্যবসায়ী এসএম আলিমুজ্জামান চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন। বুধবার সকাল থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। পরে কলকাতায় থাকা এক আত্মীয়ের মাধ্যমে খবর পেয়ে দেহ শনাক্ত করা হয়। রেপতি সরকারের সঙ্গে তাঁর সম্পর্ক এখনও জানা যায়নি। বৃহস্পতিবার মৃতদের ময়নাতদন্ত হয়েছে। বাংলাদেশ উপ-হাইকমিশন পরিবারের সঙ্গে যোগাযোগ করে দেহ দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে।
প্রাথমিক তদন্তে ‘শিখা ইন’-এ পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না বলে অভিযোগ উঠেছে। রাজ্য দমকলের সদর দপ্তর এবং কলকাতা কর্পোরেশনের এত কাছে থাকা সত্ত্বেও কীভাবে বছরের পর বছর এই অনিয়ম চলল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। অগ্নিকাণ্ডের পর কলকাতা পুলিশ পাঁচ সদস্যের বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে। পুলিশ ও দমকলের তরফেও পৃথক অভিযোগ দায়ের হয়েছে। বৃহস্পতিবার মির্জা গালিব স্ট্রিটের ন’টি গেস্ট হাউস ও চারটি রেস্তোরাঁকে শোকজ করেছে দমকল। ২৪ ঘণ্টার মধ্যে সন্তোষজনক জবাব না মিললে বন্ধ করে দেওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। কলকাতা পৌর কমিশনার স্মিতা পান্ডে শহরের ১৬টি বরোর বাণিজ্যিক ভবনের নিরাপত্তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। আগামী ২৫ আগস্ট থেকে হোটেল, বাজার ও অন্যান্য জনবহুল জায়গায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা, প্রয়োজনীয় লাইসেন্স এবং তার বৈধতা পরীক্ষা করা হবে।
Kolkata Hotel Fire
নিউ মার্কেটের হোটেলে অগ্নিকান্ডে মৃতদের তালিকায় আরও দুই বাংলাদেশি
×
Comments :0