CPIM SILIGURI

শিলিগুড়ির আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক, সাংবাদিক সম্মেলনে বললেন সমন পাঠক

রাজ্য জেলা

শিলিগুড়ি শহর ও সংলগ্ন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি ঘটছে। এই সময়কালে শহরের নাগরিকদের বাড়তে থাকা নিরাপত্তাহীনতার কারনে উদ্বেগ প্রকাশ করলো সিপিআই(এম)। বুধবার দুপুরে সিপিআই(এম) দার্জিলিঙ জেলা কমিটির পক্ষ থেকে হিলকার্ট রোডে পার্টির জেলা দপ্তর অনিল বিশ্বাস ভবনে সাংবাদিক সম্মেলনে জেলা সম্পাদক সমন পাঠক বলেছেন, আমরা উদ্বিগ্ন। শহর ও সংলগ্ন এলাকায় চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, অপহরন ইত্যাদি একের পর এক ঘটে যাওয়া সমসাময়িক ঘটনাবলীর দিকে নজর দিলে স্পষ্ট হচ্ছে শহরের আইনশৃঙ্খলা বলে কোন কিছুই আর অবশিষ্ট নেই। শিলিগুড়ি মহকুমার চা বলয়ে পাচারচক্র মাথা চাড়া দিয়ে উঠেছে। শহর শিলিগুড়িকে কেন্দ্রবিন্দু করে জমি ও ড্রাগস মাফিয়া ও বিভিন্ন পাচারকারীরা সক্রিয়। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে ছিলেন সিপিআই(এম) নেতা গৌতম ঘোষ, দিলীপ সিং ও শরদিন্দু চক্রবর্তী।  
সমন পাঠক বলেন, "বেপরোয়াভাবে ট্রাফিক আইন ভাঙার প্রবনতা বাড়ার পাশাপাশি রাস্তাঘাটে সুস্থভাবে চলাফেরা করাটাও দায় হয়ে পড়েছে। শাসকদল মদতপুষ্ট দুষ্কৃতিরা সর্বত্র ছোট ছোট গ্যাং করে বিভক্ত হয়ে নানা অসামাজিক কাজের সঙ্গে যুক্ত হচ্ছে। শাসকদল তৃণমূল শুধু নয়, বিজেপি সাংসদও পাল্লা দিয়ে কে বড় গুন্ডা সেই প্রতিযোগিতায় নেমেছেন। শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতির এই অবনতির পরিনতি সমাজে ভয়ঙ্করভাবে পড়বে। মানুষ নিরাপত্তাহীনতা ভুগছেন। পড়ুয়ারা বাড়ি থেকে বেরিয়ে টিউশন পড়তে গেলেও চিন্তায় অস্থির হয়ে থাকছেন অভিভাবকরা। আতঙ্ক কিছুতেই পিছু ছাড়ছে না। যখন তখন যে কেউ আক্রান্ত হচ্ছে গুন্ডাবাহিনীর হাতে। সম্প্রতি শহরে এক চিকিৎসকের ওপর ঘটে যাওয়া হামলার ঘটনা, শহরের ব্যস্ততম সেবক রোডে বেপরোয়াভাবে গাড়ির হিট অ্যান্ড রান করে চলে যাওয়া, মাটিগাড়ায় দশম শ্রেনীর স্কুল ছাত্রের নৃশংস খুনের ঘটনা শহরবাসীদের মনে একাধিক প্রশ্ন উঠেছে। শহরের প্রানকেন্দ্র হিলকার্ট রোডে রাত দশটার পরে বেপরোয়া বাইক গাড়ির দৌরাত্ম্য বেড়ে যায়। নেশাগ্রস্তরা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এতো সব ঘটনার পরেও পুলিশ প্রশাসন বলতে কিছুই দেখা যাচ্ছে না। অথচ শিলিগুড়ি পুলিশ কমিশনারের দাবি শিলিগুড়ির আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রয়েছে।
এদিন সমন পাঠক অভিযোগ করেন, "শহরের বারগুলো নির্দিষ্ট সময় বন্ধ হচ্ছে না। সারা রাত ধরে সিঙ্গিং বারগুলো খোলা থাকছে। সমস্ত বিষয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনার অবহিত আছেন। তাসত্ত্বেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্যের সরকার, শিলিগুড়ি পৌর প্রশাসন উন্নয়নের প্রশ্নে ও পৌর পরিষেবা প্রদানের ক্ষেত্রে একেবারে ব্যর্থতার পরিচয় দিয়েছে। অন্যদিকে বিজেপি যে কোনও ঘটনা নিয়ে ধর্ম, ভাষাভাষির নাম করে সাম্প্রদায়িকতার রাজনীতির রঙ লাগিয়ে দেবার চেষ্টা চালাচ্ছে। তৃণমূল ও বিজেপি দুই দলই মানুষের জীবনের প্রতিদিনের সমস্যা থেকে দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দিতে চাইছে।"
আমাদের দাবি শহরের আইনশৃঙ্খলা রক্ষা, সাধারন মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। শহর ও সংলগ্ন এলাকায় মানুষের দাবিদাওয়াকে সামনে রেখে সিপিআই(এম) ধারাবাহিকভাবে লড়াই আন্দোলনে ছিলো ও আছে। আগামীদিনে এই আন্দোলনকে আরো তীব্র করে তোলা হবে। 
 

Comments :0

Login to leave a comment