লাদাখে গৃহবন্দি সোনম ওয়াংচুক। তার বাড়ির বাইরে প্রায় ২৫ জন পুলিশ ও আধাসেনা মোতায়েন করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি। লাদাখের বিভিন্ন দাবিতে অবস্থান বিক্ষোভের আগে এই পদক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ।
বৃহস্পতিবার রাতে সামাজিকমাধ্যম এক্স, ফেসবুক-সহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রকাশিত একটি ভিডিও বার্তায় ওয়াংচুক জানান, বুধবার রাত থেকেই তার বাড়ির বাইরে নিরাপত্তা বাহিনীর সদস্য, একাধিক গাড়ি এবং তাবু বসানো হয়েছে। দিনের বেলাতেও বাড়ির চারপাশে সশস্ত্র নিরাপত্তাকর্মীদের মোতায়েন করা হয়েছে। এর ফলে তার স্বাভাবিক চলাফেরা কার্যত বন্ধ হয়ে গিয়েছে।
প্রশাসনের তরফে তাকে শুধু বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে বলে যে দাবি করা হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন ওয়াংচুক। তার বক্তব্য, কাউকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার না করেও কীভাবে শান্তিপূর্ণ প্রতিবাদে যোগ দেওয়া থেকে আটকানো যায়? বাড়ির চারপাশে এত বিপুল নিরাপত্তা বাহিনী মোতায়েন করে চলাফেরায় বাধা দেওয়াকে তিনি কার্যত গৃহবন্দি করে রাখারই নামান্তর বলে দাবি করেছেন।
এই পদক্ষেপের বিরুদ্ধে আইনি লড়াইয়েরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ওয়াংচুক জানিয়েছেন, সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়ার পাশাপাশি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টেও এই বিধিনিষেধের বিরুদ্ধে আবেদন জানাবেন।
লাদাখের একাধিক দাবি নিয়ে লেহ অ্যাপেক্স বডি এবং কার্গিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের নেতাদের সঙ্গে অবস্থান বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছিলেন ওয়াংচুক। সেই কর্মসূচির আগেই প্রশাসনের এই পদক্ষেপ বলে অভিযোগ। তাদের অন্যতম আপত্তি আগামী ৪ ডিসেম্বর নির্ধারিত অটোনমাস হিল ডেভেলপমেন্ট কাউন্সিলের নির্বাচন ঘিরে।
ওয়াংচুকের বক্তব্য, শীতকালে এই নির্বাচন আয়োজন কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। কারণ, লাদাখের একটা বড় অংশের মানুষ শীতের সময় এলাকার বাইরে থাকেন। ফলে নির্বাচনে তাদের অংশগ্রহণের ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। পাশাপাশি, হিল কাউন্সিলগুলিকে কার্যত ক্ষমতাহীন করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।
গত বছরের ২৪ সেপ্টেম্বরের ঘটনার তদন্তে গঠিত কমিশন অফ ইনকোয়ারির রিপোর্ট প্রকাশের দাবিও ফের তুলেছেন ওয়াংচুক। তার অভিযোগ, ওই ঘটনার তদন্ত সংক্রান্ত রিপোর্ট প্রকাশ না করে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। তার দাবি, লাদাখের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই সফলভাবে প্রতিবাদ কর্মসূচি হয়েছে এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
দেশবাসীর সমর্থন চেয়ে ওয়াংচুক বলেন, লাদাখের মানুষ বরাবরই দেশের তরুণ প্রজন্ম এবং সীমান্তে দায়িত্ব পালনকারী সেনাদের পাশে থেকেছেন। এবার দেশের অন্যান্য প্রান্তের মানুষেরও লাদাখের আন্দোলনের পাশে দাঁড়ানো উচিত।
অন্যদিকে, প্রশাসনের পদক্ষেপের পক্ষে সওয়াল করেছে লাদাখ পুলিশ। সংবাদ সংস্থা পিটিআইকে পুলিশ জানিয়েছে, কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং লেহ জেলা ম্যাজিস্ট্রেটের জারি করা নিষেধাজ্ঞা মেনেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। চলতি নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন লেহ পৌরসভার এলাকায় জনসভা, মিছিল, বিক্ষোভ এবং অন্যান্য জমায়েত নিয়ন্ত্রণ করতেই ওই নির্দেশ জারি করা হয়েছে বলে পুলিশের দাবি।
তবে প্রশাসনের যুক্তি মানতে নারাজ ওয়াংচুক। তার মতে, শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার খর্ব করতেই এই বিধিনিষেধ। আইনি পথে এর মোকাবিলা করার পাশাপাশি লাদাখের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি। ফলে লাদাখে প্রশাসনিক বিধিনিষেধ ও আন্দোলনকারীদের সংঘাত আরও তীব্র হওয়ার ইঙ্গিত মিলছে।
Sonam Wangchuk
লাদাখে গৃহবন্দি সোনম ওয়াংচুক! বাড়ির বাইরে মোতায়েন ২৫ পুলিশ ও আধাসেনা
×
Comments :0