ইতিহাস বিকৃতি, নেতাজি সুভাষ চন্দ্র বসু'র মতো মহান দেশপ্রেমিক, স্বাধীনতা সংগ্রামীর বিষয়ে কূ- কথা,অবমাননা তো আছেই এখানেই সীমাবদ্ধ থাকছে না বিজেপি। দেশের স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্য, সংবিধান, সার্বভৌমত্ব, ধর্মনিরপেক্ষতার আদর্শ ও গণতান্ত্রিক অধিকার রক্ষার শপথে ৮০ তম স্বাধীনতা দিবস উপলক্ষে বামপন্থী দলসমূহের উদ্যোগে আয়োজিত সভাতেও ব্যাঘাত ঘটানোর চেষ্টা চালালো বিজেপি। যদিও এদিন বিজেপির বাধা, অপচেষ্টার বিরুদ্ধে দাঁড়িয়েই শ্যামবাজার মোড়ে শপথ বাক্য পাঠ ও সভা করেছে বামপন্থীরা। প্রতি বছররে মতো এ বছরেও স্বাধীনতা দিবস পালন উপলক্ষে রাজ্যুজুড়ে শপথবাক্য পাঠ, সভা মিটিং সহ নানা কর্মসূচির আয়োজন করে বামপন্থী দলের নেতাকর্মীরা। কলকাতার শ্যামবাজার মোড়ে বামফ্রন্টের পক্ষথেকে এদিন কেন্দ্রীয় কর্মসূচির আয়োজন করা হয়। কিন্তু সভার শুরুতেই নানাভাবে অনুষ্ঠানে ব্যাঘাত ঘটানোর চেষ্টা চলে বিজেপির পক্ষ থেকে। এমনকি বর্ষীয়ান নেতা বিমান বসু বক্তব্য রাখার সময়েও রাস্তাজুড়ে লাগানো মাইক, চোঙ তারস্বরে বাজাতে শুরু করে বিজেপি কর্মীরা। মোদ্দা লক্ষ্য ছিলো বামপন্থীদের কথা, দাবি ও স্বাধীনতানতার ঐতিহ্যের যে কথা বামপন্থীরা বলেন তা মানুষকে শুনতে না দেওয়া, সেসব থেকে মানুষের নজর ঘোরানো।এদিন সভার সূচনায় সভাস্থল থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে অবস্থিত নেতাজি মূর্তির সামনে মিছিল করে যান বামফ্রন্টের নেতৃবৃন্দ। মিছিলে অংশ নেন বামফ্রন্ট সভাপতি বিমান বসু, সিপিআই( এম)'র রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, পার্টির পলিট ব্যুরো সদস্য রামচন্দ্র ডোম, ছিলেন রবীন দেব, কনীনিকা ঘোষ, কল্লোল মজুমদার, তরুণ ব্যানার্জি, রুপা বাগচী, সুখেন্দু পাণিগ্রাহী সহ সারাভারত ফরোয়ার্ড ব্লকের বাংলা কমিটির সম্পাদক নরেশ চ্যাটার্জি, সিপিআই'র রাজ্য সম্পাদক স্বপন ব্যানার্জি, দেবাশিস মুখার্জি, প্রবীর দেব, শেখর দে, জীবন সাহা সহ বামফ্রন্টের নেতৃবৃন্দ। নেতাজির মূর্তিতে মাল্যদান করে আবারও মিছিল করে সভাস্থলে আসেন বামফ্রন্টের নেতা কর্মীরা। প্রতি বছর স্বাধীনতা দিবসে সরকারি উদ্যোগে শ্যামবাজার মোড়ের ঐতিহ্যবাহী নেতাজির মূর্তিতে ফুল মালায় সাজানো হয়। কিন্তু এবছর সে'সবের বালাই ছিল না। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেন ফরোয়ার্ড ব্লকের বাংলা কমিটির সম্পাদক নরেন চ্যাটার্জি, সিপিআই( এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সহ নেতৃবৃন্দ। এদিন শ্যামবাজার মোড়ে আয়োজিত কর্মসূচিতে শপথবাক্য পাঠ করিয়ে সভার সভাপতি বিমান বসু বলেন, দেশের ৮০ তম স্বাধীনতার বর্ষপূর্তিতে এ'রাজ্যের মাটিতে দাঁড়িয়ে আমরা তথা কথিত ডবল ইঞ্জিন সরকারের কাজ, গণতন্ত্র হরণ, মানুষের জীবন জীবিকায় আঘাত নামিয়ে আনা থেকে সর্বোপরি দেশপ্রেমিক, স্বাধীনতা সংগ্রামীদের লড়াই আন্দোলনের গৌরব গাঁথা ভুলিয়ে দিয়ে, তাদের নামে আখথা, কূ- কথার যে ভাষ্য জনমানসে ছড়ানো হচ্ছে তা নিয়ে আমরা আশঙ্কিত। বসু বলেন, দেশকে পরাধীনতার নাগপাশ থেকে মুক্ত করতে দেশপ্রেমিক নেতাজি ও তার আজাদহিন ফৌজের যে লড়াই সংগ্রামের গৌরব স্বাধীনতা আন্দোলনের ধারায় লিপিবদ্ধ তাকে কালিমা লিপ্ত করা হচ্ছে। এর বিরুদ্ধে প্রতিটি নাগরিককে প্রতিবাদে সোচ্চার হতে হবে। নেতাজি ধর্মের ভিত্তিতে বিভাজনের রাজনীতির ঘোর বিরোধী ছিলেন। তিনি দেশের স্বাধীনতার প্রশ্নে, দেশ গঠনের প্রশ্নে বহু ধর্ম বর্ণ সংস্কৃতির ঐতিহ্যে সম্পৃক্ত এই দেশের সব মানুষকে ঐক্যব্দ্ধ করেই লড়াই সংগ্রাম চালিয়ে ছিলেন। বসু এদিন বিজেপি, আর এস এস ও তথা কথিত ডবল ইঞ্জিন সরকারের ধর্মের ভিত্তিতে বিভাজনের রাজনীতি, সাম্রাজ্যবাদী, পুঁজিবাদী শক্তির চুড়ান্ত মদত দাতা এই উগ্র সাম্প্রদায়িক দক্ষিণপন্থার রাজনীতির বিরুদ্ধে দেশ, দেশের জনগন, ধর্মনিরেপেক্ষতা, অঘন্ডতা, ঐক্য সম্প্রীতি রক্ষায় মানুষকে আরও বেশি করে ঐক্যব্দ্ধ হ ওয়ার আহ্বান জানিয়েছেন। সিপিআই( এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম তার ভাষণে বলেন, বিভিন্ন ক্ষেত্রের মানুষ দেশ রক্ষা, দেশের স্বাধীনতার জন্য শহীদ হয়েছেন, কারাবাসে ছিলেন, কালাপানির সাজা ভোগ করেছেন, নির্মম আক্রমণের শিকার হয়েছেন। তাঁদের লড়াই সংগ্রাম, আত্মত্যাগ আমাদের ভুললে চলবেনা। বর্তমানে সে'সব ভুলিয়ে দেওয়া চেষ্টা চলছে নানা কায়দায়। যাদের সঙ্গে স্বাধীনতা আন্দোলনের কোনো যোগ নেই, যারা মুচলেকা দিয়ে ব্রিটিশের দাসত্ব করেছে তাদের হিরো বানিয়ে মানুষের কাছে তোলা হচ্ছে নিজের রাজনৈতিক উদ্দেশ্য পূরণের লক্ষ্যে ইতিহাস বিকৃতির মধ্যদিয়ে। সেলিম বলেন, এখন আর সরাসরি কোনো দেশে নিজেদের ঝান্ডা গেড়ে দিয়ে সে'দেশ দখল করা যায়না। সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ তাই নানা কায়দায় বিভিন্ন দেশে নিজেদের আধিপত্য বিস্তার করতে চায়। এ'কাজে আর এস এস, বিজেপির মতো মেকি দেশপ্রেমিক শক্তির সাহায্যে সবটা করতে তৎপর হয়েছে। আর এই উগ্র সাম্প্রদায়িক শক্তি নিজেদের রাজনৈতিক ফায়দার লক্ষ্যে নানা ভাবে স্বৈরাচার, স্বেচ্ছাচার কায়েম করছে।নানা কায়দায় মানুষের মগজ দখলের চেষ্টা চলছে। মিডিয়া, সংবাদ মাধ্যমের নিরপেক্ষতা রাখছেনা, সরকার ঠিক করে দিচ্ছে কোন খবর কিভাবে জনমানসে ছড়াতে হবে। সঠিক রাজনৈতিক চর্চা, মতাদর্শ এগুলো গুলিয়ে দিয়ে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য পূরণের লক্ষ্যে নতুন নতুন আচারকে চর্চায় আনতে চাইছে। এই অভিসন্ধির বিরুদ্ধে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে সেলিম বলেন, আমাদের দেশের সংবিধান বহু জাতি ধর্ম বর্ণ এ'সবের মেলবন্ধনে তৈরি। সংবিধান প্রণেতারা দেশের বহুত্ববাদী ঐতিহ্যকে সামনে রেখেই সংবিধানের রুপরেখা তৈরি করেছেন। কিন্তু, বর্তমানে সেই সংবিধানকে দুরমুশ করে নিজেদের সুবিধাবাদের রাজনীতি কায়েম করার প্রচেষ্টা চলছে।সভায় ফরোয়ার্ড ব্লকের বাংলা কমিটির সম্পাদক নরেন চ্যাটার্জি বলেন, বর্তমানে উগ্র হিন্দুত্ববাদী মৌলবাদী শক্তি দেশে বিদ্বেষ বিভিজনের রাজনীতি ছড়িয়ে রাজনৈতিক ফায়দা তুলতে তৎপর। সাম্রাজ্যবাদী, পুঁজিবাদী, কর্পোরেট শক্তিকে পাশে নিয়ে তারা সবটা করতে চাইছে। এই বিষয়ে সচেতন থাকতে হবে। সিপিআই'র রাজ্য সম্পাদক স্বপন ব্যানার্জি বলেন, আমাদের ভাবতে হবে স্বাধীনতার এই ৮০ বছরে আমরা কি পেলাম। স্বাধীনতার যে লক্ষ্য উদ্দেশ্য আজ ও তা পূরণ হয়নি উপরন্তু ২০১৪ সাল থেকে দেশে সবচেয়ে প্রতিক্রিয়াশীল, ফ্যাসিস্ট শক্তি ক্ষমতার মসনদে বসে দেশের জনগনের অধিকার কাড়ছে।সাম্প্রদায়িক বিভাজনের বিষ ছড়িয়ে দেশের ঐতিহ্য ঐক্যকে ধ্বংস করছে। সভায় এছাড়াও বক্তব্য রাখেন প্রবীর দেব, দেবাশিস মুখার্জি প্রমুখ বামফ্রন্টের নেতৃবৃন্দ। এদিন সকালে সিপিআই( এম) রাজ্য দপ্তর মজফ্ ফর আহ্ মদ ভবনেও জাতীয় পতাকা উত্তোলন করা হয় ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।পতাকা উত্তোলন করেন বিমান বসু। উপস্থিত ছিলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, পলিট ব্যুরো সদস্য রামচন্দ্র ডোম, প্রবীণ পার্টি নেতা সূর্যকান্ত মিশ্র, রবীন দেব সহ নেতৃবৃন্দ।
Netaji Statue Garlanded by Left Leaders thwarting BJP made obstructions
শ্যামবাজারে নেতাজী মূর্তিতে বামফ্রন্টকে বাধার চেষ্টা বিজেপি'র
শ্যামবাজারে বক্তব্য রাখছেন বিমান বসু।
×
Comments :0