৭০ কিলোমিটার বেগে ধেয়ে আসতে পারে কালবৈশাখী সঙ্গে দফায় দফায় বৃষ্টি। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের কিছু জেলাতেও চলবে বৃষ্টির দাপট। আবহাওয়া অফিস জানিয়েছে উত্তরপ্রদেশের উত্তর অংশ থেকে দক্ষিণ ওড়িশা পর্যন্ত অক্ষরেখা বিস্তৃত রয়েছে। তার প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। আপাতত মঙ্গলবার পর্যন্ত দুর্যোগের সম্ভাবনা থাকবে। রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে। গোটা সপ্তাহ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সোমবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ায়। ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে কলকাতায়। সোমবার কমলা সর্তকতা জারি করা হয়েছে হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা। এদিন উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ঝড় বৃষ্টি হবে। মালদহ ও দুই দিনাজপুরে মঙ্গলবার পর্যন্ত দুর্যোগের। রবিবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ, সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস।
পূর্বাভাস রয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। গত ২৪ ঘণ্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩.১ ডিগ্রি বেশি।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, রবিবার উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলায়-জেলায় ঝড়-বৃষ্টি হতে পারে। তাই জারি কমলা সতর্কতা। হলুদ সতর্কতাও জারি হয়েছে একাধিক জেলায়। বৃষ্টির পাশাপাশি রবিবার এবং সোমবার কয়েকটি জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে। কয়েকটি জেলায় ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। তা ঘণ্টায় ৭০ কিলোমিটারেও পৌঁছাতে পারে। উত্তরবঙ্গে রবিবার দার্জিলিঙ, কালিম্পঙ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু অংশে ভারী বৃষ্টি (৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার) হতে পারে। সেইজন্য ওই সব জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। ওখানে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের বাকি তিনটি জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার পূর্বাভাস মিলেছে। ওই জেলায় ঝড়ের গতি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটারের মধ্যে থাকবে। ওই সব জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা।
সোমবার উত্তরবঙ্গের সব জেলার অধিকাংশ জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেইসঙ্গে প্রতিটি জেলায় ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। ওই সব জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। মঙ্গলবার দার্জিলিঙ, জলপাইগুড়ি এবং কালিম্পঙের অনেকাংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ঝড়ের জন্য ওই জেলাগুলিতে জারি হয়েছে হলুদ সতর্কতা। দার্জিলিঙ, কালিম্পঙ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ঝড়ের গতি থাকবে ঘণ্টায় কমপক্ষে ৪০ কিলোমিটার।
দক্ষিণবঙ্গের চার জেলা পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে রবিবার বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস মিলেছে। ওই চার জেলায় ঝড়ের গতি পৌঁছাতে পারে ঘণ্টায় ৫০ কিলোমিটার। দক্ষিণবঙ্গের বাকি ১১টি জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইলেও বিক্ষিপ্ত অংশে হালকা বৃষ্টি হতে পারে। সোমবারেও দক্ষিণবঙ্গের পাঁচ জেলা পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এবং হুগলীতে থাকছে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। সেই সঙ্গে দমকা হাওয়ার বেগ ঘণ্টায় ৭০ কিলোমিটারে পৌঁছাতে পারে বলে ওই জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা।
Bengal Weather
ঝড় বৃষ্টি, উত্তরবঙ্গে কমলা দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি
×
Comments :0