বাগডোগরায় রামনবমীর মিছিলে স্টিলের লম্বা পাইপে ধজা লাগিয়ে খেলা দেখানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর জখম হলেন এক যুবক। যুবকের নাম আশুতোষ সিং। বাগডোগরা এলাকার বাসিন্দা। রামনবমীর মিছিলে অস্ত্র ব্যবহার করা যাবে না স্পষ্ট জানিয়ে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে গতকাল থেকে আজও রাজ্যের বিভিন্ন প্রন্তে রামনবমীর মিছিলে দেদার অস্ত্রের আস্ফালন। তীক্ষ্ণ তরবারি, কাটারি, কুঠার, দা, খড়্গ হাতে নিয়ে এদিনও রাস্তায় নামে বিজেপি। বেশিরভাগ মিছিলেই নেতৃত্ব দিতে দেখা গিয়েছে তৃণমূল ও বিজেপি দুই দলের প্রার্থীদেরও। কোথাও ডিজে বাজিয়ে অস্ত্র নিয়ে আবার কোথাও বুলডোজারকে মিছিলের সামনের সারিতে এনে গেরুয়া পাঞ্জাবী, মাথায় ফেটি সাঁটানো কর্মী সমর্থকদের নিয়ে নাচের তালে মেতে ওঠেন ‘হিন্দুত্বের’ জিগির তোলা তৃণমূল এবং বিজেপি— দু’পক্ষই। অস্ত্রের সম্ভারে মিছিল দেখলো গোটা রাজ্যের মানুষ। যদিও কোথাও দেখা মেলেনি পুলিশ প্রশাসনের।
শুক্রবার শিলিগুড়ির হিলকার্ট রোডে অস্ত্র নিয়ে মিছিল।
জানা গেছে এদিন বাগডোগরায় রামনবমীর মিছিলের ভিড়ে যুবক ‘জয় শ্রীরাম’ শ্লোগান তুলে লম্বা স্টিলের পাইপ নিয়ে ধ্বজা ঘুরাচ্ছিল। বাগডোগরা বিহার মোড় সংলগ্ন সার্ভিস রোডে বিদ্যুতের তারের সংস্পর্শে এলে যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য বাগডোগরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে মাটিগাড়ার একটি হাসপাতালে যুবককে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। সেখানেই ওই যুবকের চিকিৎসা চলছে।
শুক্রবার ভাটপাড়া ও হাজিনগরে রামনবমীর মিছিল বের হয়। মিছিল থেকে বিজেপি ও তৃণমূলের নেতা কর্মীদের মুখে ‘জয় শ্রীরাম’ শ্লোগান শোনা যায়। জগদ্দল আর্যসমাজ মোড় থেকে বিজেপি র প্রাক্তন সাংসদ অর্জুন সিং’র নেতৃত্বে মিছিল বের হয়। এদিকে ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী অমিত গুপ্তার নেতৃত্বে ভাটপাড়া এলাকায় মিছিল বের হয়। এই দুটো মিছিল একসাথে মিলিত হয়ে যায়। কে তৃণমূল কে বিজেপি আলাদা করে চেনা যায় নি। সবার হাতেই অস্ত্র। মুখে ‘জয় শ্রীরাম’ শ্লোগান। এবারের মিছিলের বিশেষ করে নজরে এসেছে মহিলারা হাতে অস্ত্র নিয়ে নাচ করছে। গেরুয়া ঝান্ডা নিয়ে মিছিলে বিজেপি ও তৃণমূলের লোকজন একইসাথে মিছিল করে। তৃণমূলের ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী অমিত গুপ্তা, বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে ও বিজেপি’র প্রাক্তন সাংসদ অর্জুন সিং’র মিছিল ভাটপাড়া থেকে একইসাথে এগিয়ে যায়। সবার মুখেই ‘জয় শ্রীরাম’ শ্লোগান। মিছিল মাদ্রাল হনুমান মন্দিরে গিয়ে শেষ হয়। বীজপুর বিধানসভা কেন্দ্রের হাজিনগর থেকেও মিছিল বের হয়। তৃণমূলের বিধায়ক সুবোধ অধিকারী ও তার ভাই কাচড়াপাড়া পৌরসভার পৌর প্রধান কমল অধিকারী উপস্থিত ছিল। তৃণমূলের পৌর প্রধান গেরুয়া কাপড় পড়ে কাঁধে হনুমানের গদা নিয়ে মিছিল করে। মিছিল শুরুর আগে নয়জন বাচ্চার পা ধুয়ে দেয়। তৃণমূলের বিধায়ক সুবোধ অধিকারী ও গেরুয়া কাপড় পড়ে মিছিলে ছিল। এখানেও তৃণমূলের সাথে বিজেপি’র লোকজন এই মিছিলে সামিল হয়। সবার হাতেই গেরুয়া ঝান্ডা ছিল। এখানেও মিছিলে ‘জয় শ্রীরাম’ শ্লোগান শোনা যায়।
কামারহাটি পৌরসভার অন্তর্গত ২৯ নম্বর ওয়ার্ডে অস্ত্র নিয়ে মিছিল।
Comments :0