SIR Bengal SC

আজ ফের সুপ্রিম কোর্টে এসআইআর

রাজ্য

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-কে ঘিরে আইনি জট ক্রমেই বাড়ছে। নির্বাচন কমিশনের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, এসআইআর-সংক্রান্ত ৩৮.৩১ লক্ষ আপিল ট্রাইব্যুনালে জমা পড়েছে। তার মধ্যে ৩৭ লক্ষের বেশি এখনও বিচারাধীন। এই বিপুল মামলার চাপ সামলাতে রাজ্যে বর্তমানে থাকা ১৯টি আপিল ট্রাইব্যুনাল বাড়িয়ে ৪২টি করার প্রস্তাব সুপ্রিম কোর্টে জানিয়েছে কমিশন। রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের প্রতিটির জন্য একটি করে ট্রাইব্যুনাল করার প্রস্তাব দেওয়া হয়েছে।
মঙ্গলবার সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের এসআইআর-সংক্রান্ত একাধিক মামলার শুনানি রয়েছে। তার আগে কমিশনের দেওয়া তথ্যেই সামনে এসেছে আবেদনের বিপুল চাপ। ৩৮.৩১ লক্ষ আপিলের মধ্যে ২২.২১ লক্ষ করেছেন এসআইআর-এ নাম বাদ যাওয়া ভোটাররা, যাঁরা পুনরায় তালিকায় নাম অন্তর্ভুক্তির আবেদন করেছেন। আরও ১৬.১০ লক্ষ আবেদন হয়েছে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির বিরোধিতায়।
এখনও পর্যন্ত ১.২৬ লক্ষের মতো আপিলের নিষ্পত্তি হয়েছে বলে কমিশন জানিয়েছে। ফলে বিপুল সংখ্যক আবেদন ঝুলে রয়েছে। বর্তমান গতিতে এই মামলাগুলি নিষ্পত্তিতে দীর্ঘ সময় লাগতে পারে বলেও কমিশনের তরফে আদালতে জানানো হয়েছে।
এই পরিস্থিতিতে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর পাশাপাশি শুনানি দ্রুত করার পরিকাঠামো নিয়েও ভাবছে কমিশন। প্রস্তাবিত ব্যবস্থায় প্রতিটি লোকসভা কেন্দ্রের জন্য পৃথক আপিল ট্রাইব্যুনাল রাখার কথা বলা হয়েছে।
এসআইআর নিয়ে ইতিমধ্যেই রাজ্যে রাজনৈতিক ও নাগরিক সংগঠনগুলির আন্দোলন চলছে। পানিহাটির এক সমাবেশে সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জি ট্রাইব্যুনালে জমে থাকা মামলার দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়েছেন। তাঁর বক্তব্য, বৈধ ভোটারের নাম বাদ গেলে তার দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই নিতে হবে এবং নাম বাদ দেওয়ার কারণ লিখিতভাবে জানাতে হবে।
এই দাবিতে ২৫ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের দপ্তরের সামনে সমাবেশের ডাক দিয়েছে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি।
এসআইআর-পরবর্তী ভোটার তালিকা নিয়ে একদিকে বিপুল সংখ্যক আবেদন বিচারাধীন, অন্যদিকে সময়ের সঙ্গে ভোটাধিকার নিয়ে অনিশ্চয়তার প্রশ্নও সামনে আসছে। কমিশনের ৪২টি ট্রাইব্যুনালের প্রস্তাব এবং এত বিপুল সংখ্যক আবেদনের নিষ্পত্তির রূপরেখা নিয়ে সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয়, এখন সেদিকেই নজর আবেদনকারী ভোটারদের।

Comments :0

Login to leave a comment