Search for natural gas now underway near Bengal

বাংলার কাছেই এবার খোঁজ প্রাকৃতিক গ্যাস

রাজ্য

পশ্চিমবঙ্গের অদূরে ওডিশা উপকূলের কাছে মহানদী অফশোর বেসিনে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পেল রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস অনুসন্ধানকারী সংস্থা ওএনজিসি। উপকূলের কাছাকাছি গ্যাসের সন্ধান মেলায় বাণিজ্যিক উৎপাদনের সম্ভাবনা যাচাই করে দ্রুত পরবর্তী পদক্ষেপ করা যাবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।
ওএনজিসি জানিয়েছে, গত ১৮ সেপ্টেম্বর কোনার্ক থেকে প্রায় ৪৩ কিলোমিটার দূরে মহানদী অফশোর বেসিনের এমএন-ডিডব্লু১৮-১-এইচডি কূপে গ্যাসের সন্ধান মেলে। ২৫ জুলাই ‘প্ল্যাটিনাম এক্সপ্লোরার’ ড্রিলশিপ দিয়ে কূপ খননের কাজ শুরু হয়েছিল। ১,৬২৩ মিটার পর্যন্ত খননের পরিকল্পনা থাকলেও ১,৪১১ থেকে ১,৪৫২ মিটার গভীরতার মধ্যে গ্যাসের সন্ধান পাওয়া যায়।
ওএনজিসি’র দাবি, গত তিন দিন ধরে কূপটি থেকে গ্যাসের প্রবাহ পাওয়া যাচ্ছে। গ্যাসের প্রবাহ এবং চাপ—দুই-ই আশাব্যঞ্জক বলে জানিয়েছে সংস্থা। এখন গ্যাসের পরিমাণ, গুণমান এবং বাণিজ্যিকভাবে উত্তোলনের সম্ভাবনা যাচাই করা হবে।
কেন্দ্রীয় সরকারের ‘সমুদ্র মন্থন’ প্রকল্পের আওতায় বঙ্গোপসাগর ও মহানদী অববাহিকায় তেল ও প্রাকৃতিক গ্যাসের অনুসন্ধান চালাচ্ছে ওএনজিসি। গভীর সমুদ্রে দেশীয় হাইড্রোকার্বন সম্পদের সন্ধান এবং আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যেই এই প্রকল্প নেওয়া হয়েছে।
কেন্দ্রের দাবি অনুযায়ী, ‘সমুদ্র মন্থন’ প্রকল্পের প্রথম পর্যায়ে ২০৩০-৩১ অর্থবর্ষ পর্যন্ত ৮৪,০৮৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। অপরিশোধিত তেলের চাহিদার বড় অংশই ভারতকে আমদানি করতে হয়। ফলে দেশে নতুন তেল ও গ্যাসক্ষেত্রের সন্ধানকে জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ওডিশা উপকূলের কাছে এই আবিষ্কার বাণিজ্যিকভাবে সফল হলে উপকূলীয় অঞ্চলে দ্রুত পরিকাঠামো গড়ে তুলে উৎপাদনের পথে এগনোর সুযোগ তৈরি হতে পারে। তবে তার আগে গ্যাসের মজুত ও বাণিজ্যিক সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত মূল্যায়ন প্রয়োজন।
এর আগে উত্তর ২৪ পরগনার অশোকনগরেও ওএনজিসি তেল উত্তোলন শুরু করেছে। ফলে রাজ্যের কাছাকাছি পূর্ব উপকূলের এই অঞ্চলে পর পর হাইড্রোকার্বন সম্পদের সন্ধান ঘিরে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।

Comments :0

Login to leave a comment