সংবিধানের মর্মবস্তুকে রক্ষা করুন। ‘বন্দে মাতরম‘ নির্দেশিকার পরিপ্রেক্ষিতে কেন্দ্রের কাছে এই দাবি তুলল সিপিআই(এম) পলিট ব্যুরো।
কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের সাম্প্রতিক নির্দেশিকা ঘিরে ফের শুরু হয়েছে বিতর্ক। বলা হয়েছে যে সরকারি এবং অন্যান্য অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত ‘জন গণ মন'র আগে ‘জাতীয় গান‘ বন্দে মাতরম‘-র ছয়টি স্তবকই গাইতে হবে। বন্দে মাতরম-র দু’টি স্তবক সাধারণভাবে গাওয়া হয়। জন গণ মন-র আগে গাওয়ার বাধ্যবাধকতাও থাকে না।
কিন্তু গত ২৮ জানুয়ারি কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়। বলা হয় যে সরকারি অনুষ্ঠান সহ অন্যান্য অনুষ্ঠানে জাতীয় গান বন্দেমাতরম'র সম্পূর্ণ ছয়টি স্তবকই গাইতে হবে। আরও বলা হয় যে জাতীয় গান এবং জাতীয় সঙ্গীত গাওয়ার ক্ষেত্রে আগে ‘বন্দে মাতরম‘ পরিবেশন করতে হবে।
সেই নির্দেশিকা প্রসঙ্গেই বৃহস্পতিবার সিপিআই(এম) পলিটব্যুরো বলে, ভারতীয় সংবিধানের ৫১ক(ক) অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হয়েছে যে জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতকে সম্মান করা প্রতিটি নাগরিকের কর্তব্য। বন্দেমাতরম গানটিকে জাতীয় গান হিসাবে গ্রহণ করার সময় বিশদে আলোচনা হয়েছিল সংবিধান পরিষদে। এই বিষয়ে রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের একটি বিবৃতি সংবিধান পরিষদের তরফে গ্রহণ করা হয়। যেখানে বলা হয় যে বন্দে মাতরম-র দুটি স্তবকই কেবল গাওয়া হবে। সংবিধান পরিষদ মনে করেছিল যে ভারতীয় সাধারণতন্ত্রের ধর্মনিরপেক্ষ চরিত্রের সঙ্গে বাকি চারটি স্তবক সামঞ্জস্যপূর্ণ নয়। সরকারের সাম্প্রতিক নির্দেশে সেই চারটি স্তবকই গাইতে বলা হয়েছে।
পলিট ব্যুরো বলেছে যে বিজেপি-নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার জাতীয় সঙ্গীত এবং জাতীয় গান নিয়ে অসৎ উদ্দেশ্যে অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি করার চেষ্টা করছে। বিজেপি সরকারকে এই ধরণের ঐতিহাসিক সাংস্কৃতিক প্রতীক নিয়ে খেলা করার অনুমতি দেওয়া উচিত নয়।
পলিট ব্যুরো বলেছে যে আমরা সরকারের কাছে সংবিধানের মর্মবস্তুকে রক্ষায় করার জন্য অবিলম্বে এই আদেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
Polit Bureau Demands
সংবিধানের মর্মবস্তুকে রক্ষা করতে হবে কেন্দ্রকে, ‘বন্দে মাতরম’ নির্দেশিকায় দাবি পলিট ব্যুরোর
×
Comments :0